কমার্স ব্যাংকের দুই কর্মকর্তাসহ ছয় জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ২১:২২

১০৪ কোটি টাকা আত্মসাত্

ইত্তেফাক রিপোর্ট

কমার্স ব্যাংক লিমিটেডের চার গ্রাহকের ব্যাংক হিসাবে টাকা না থাকা সত্ত্বেও ৪৫ কোটি টাকা উত্তোলন ও আত্মসাতের অভিযোগে ব্যাংকটির দুই কর্মকর্তাসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আত্মসাত্কৃত এই টাকা বর্তমানে সুদেআসলে মোট ১০৪ কোটি ৫৭ লাখ টাকায় দাঁড়িয়েছে। গতকাল রবিবার দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক বাদী হয়ে দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেছেন।

মামলার আসামিরা হলেন, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের আগ্রাবাদ শাখার সাবেক ইভিপি ও ম্যানেজার মুহম্মদ নিজাম উদ্দিন, সাবেক জুনিয়র অফিসার মো. নিজাম উদ্দিন, মেসার্স আক্তার এন্টারপ্রাইজের মালিক মো. নূর-উন-নবী, মেসার্স শাহজালাল ট্রেডার্সের মালিক মো. আনোয়ার মিয়া, গ্রাহক কাজী শরীফ আহমেদ ও আবদুল আজিজ।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে গ্রাহকের হিসাবে টাকা না থাকা সত্ত্বেও ক্ষমতা বহির্ভূতভাবে ব্যাংকের প্রধান কার্যালয়ের অনুমতি এবং পর্যাপ্ত জামানত ছাড়া কমার্স ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ শাখা থেকে ২০০২ সাল থেকে ২০১৫ সালের মার্চ পর্যন্ত সময়ে ৪৫ কোটি এক লাখ ২১ হাজার ৯৪৭ টাকা উত্তোলন করে। আত্মসাত্কৃত এই টাকা বর্তমানে সুদসহ মোট ১০৪ কোটি ৫৭ লাখ ৪৭ হাজার ৯২৭ টাকায় দাঁড়িয়েছে। এই আত্মসাতের ঘটনা দণ্ডবিধির ৪০৯/৪৬৮/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দণ্ডযোগ্য অপরাধ।