ডায়েটে যত ভুল

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৩

ডা. তানজিয়া নাহার তিনা

আজকাল ওবেসিটি বা ওজনাধিক্য থেকে বেঁচে থাকতে অনেকেই ডায়েট কন্ট্রোল করে থাকেন। ওজনাধিক্যের কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে মূলত নানারকম ডায়েট চার্ট মেনে চলেন কিছু না ভেবেই। ফলশ্রুতিতে দেখা যায় নানা ধরনের স্বাস্থ্যসমস্যা। চুলপড়া, ত্বক নিষ্প্রাণ হয়ে যাওয়া, পরিপাকতন্ত্রের নানা অসুখ, রক্তস্বল্পতা, নিম্ন রক্তচাপ, বিষণ্নতা ইত্যাদি সমস্যায় ভুগতে হয় সঠিক ডায়েট চার্ট অবলম্বন না করার ফলে। প্রতিটি মানুষভেদে তার ডায়েট হবে আলাদা। এক জন মানুষের উচ্চতা, ওজন, খাদ্যাভ্যাস, লিঙ্গ, রুচি, বয়স, শারীরিক অবস্থা ইত্যাদি নানা বিষয়ের ওপর নির্ভর করে ডায়েটে আসে ভিন্নতা। তাই না বুঝে চার্ট ফলো না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন। না বুঝে ডায়েট করতে গিয়ে হয়ে যায় নানা ভুল। যেমন :

শর্করা একেবারেই বাদ দিয়ে দেওয়া। শুধু শাকসবজির ওপর নির্ভরশীলতা। বিভিন্ন ধরনের স্লিমিং পিল, টি, ড্রিংকস ইত্যাদি খাওয়া। মাঝে মাঝে না খেয়ে অনেক সময় কাটিয়ে দেওয়া। অতিরিক্ত সময় ধরে শরীরচর্চা করা।

মনে রাখতে হবে, ওজন যত সময় নিয়ে কমবে, ঠিক ততটাই দীর্ঘস্থায়ী হবে। ক্রাশ ডায়েট করে কম সময়ে অধিক ওজন কমিয়ে ফেলা একদম উচিত নয়। তাই সবদিক ভেবে এবং সঠিক পদ্ধতি অনুসরণ করেই ডায়েট করা উচিত।

লেখক : চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ