নারী প্রশিক্ষণার্থীদের দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
লক্ষ্মীপুর প্রতিনিধি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সহযোগিতায় লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের অধীন ডিজিটাল আইসিটি বাসে নারীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রাঙ্গণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন টিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল প্রমুখ।
প্রথম দিন শনিবার ১ম ও ২য় ব্যাচে পৃথক পৃথকভাবে ৪৬ জন প্রশিক্ষণ গ্রহণ করেন। দ্বিতীয় দিন রবিবার ৩য় ও ৪র্থ ব্যাচে ৪৬ জনসহ মোট ৯২ জন প্রশিক্ষণ গ্রহণ করেন। যারা নিবন্ধন করেছে তারাই এই প্রশিক্ষণে বিনামূল্যে অংশগ্রহণের সুযোগ পান। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলার স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া ছাত্রী/শিক্ষিত যুব নারীদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের একটি সূত্র জানায়, প্রশিক্ষণার্থীকে এসএসসি পাস হতে হয়। শুধু শিক্ষিত যুব আগ্রহী নারী প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পেরেছেন।
জেলা প্রশাসক কার্যালয়ের আইসিটি শাখা সূত্রে জানা যায়, সদরসহ অন্যান্য উপজেলায় আট দিন একটি আইটি বাসে দুই দিন করে প্রশিক্ষণ প্রদান করা হবে। এ ব্যাপারে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মাকসুদুর রহমান জানান, শনিবার ১ম ও ২য় ব্যাচে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের সামনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সদর উপজেলা পরিষদের সামনে ৩য় ও ৪র্থ ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
