সলঙ্গা-তাড়াশ সড়ক
মাহমুদুল কবীর, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গা-তাড়াশ সড়কটি দীর্ঘদিন যাবত্ সংস্কার না হওয়ায় চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এ সড়কটির প্রায় সাড়ে ছয় কিলোমিটারের অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড়ো বড়ো খানাখন্দের। সামান্য বৃষ্টিতেই ঐ সকল স্থানে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন এ সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন চালক, যাত্রী ও পথচারীরা। দুর্ভোগের পাশাপাশি প্রতিদিন অনেকটা ঝুঁকি নিয়েই এ সড়কে চলছে যানবাহন। মাঝেমধ্যেই সড়কটিতে যাত্রী ও মালামাল বহনকারী যানবাহন উলটে গিয়ে ঘটছে দুর্ঘটনা।
সোমবার ও বৃহস্পতিবার এ দুই দিন সলঙ্গায় হাটসহ বেশকিছু গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থাকায় এ সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রী ও পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষ চলাচল করে থাকেন। কিন্তু দীর্ঘদিনেও জনগুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করা হয়নি। তাই প্রয়োজনের তাগিদে বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছেন নানা শ্রেণি-পেশার মানুষ। এ সড়কে চলাচলকারী ভ্যানচালক আমির হোসেন ও আব্দুল মজিদ জানান, সড়কটি এর আগে সংস্কার করার কিছুদিন না যেতেই অনেক জায়গায় গর্তের সৃষ্টি হতে থাকে। এখন সলঙ্গা-তাড়াশ সড়কের অধিকাংশ স্থানেই ভাঙা। মাঝেমধ্যেই আমাদের ভ্যান উলটে গিয়ে যাত্রীসহ আমাদের ক্ষয়ক্ষতি হচ্ছে।
এলজিইডির উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, সলঙ্গা-তাড়াশ সড়কটি অতি গুরুত্বপূর্ণ একটি সড়ক। সড়কটি সংস্কারের জন্য টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে। টেন্ডার প্রক্রিয়া শেষ হলে আমরা বাস্তবায়নে যেতে পারব। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান জানান, সলঙ্গা থানা সদর থেকে তাড়াশ সড়কটি সংস্কারের অভাবে কিছুটা জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। তবে কাজের টেন্ডার প্রক্রিয়াধীন আছে এটা শেষ হলে সংস্কার কাজ শুরু করতে পারব। সড়কটি মনিটরিং করা হয়েছে এবং যত দ্রুত সম্ভব সড়কটি সংস্কার কাজ সম্পূর্ণ করা হবে।
