খুলনা অফিস
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তনের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ ল্যাপটপের কী-বোর্ডের বাটন ক্লিক করে ভর্তি আবেদন গ্রহণ ও সমাবর্তনের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ভর্তির আবেদন গ্রহণ ও ষষ্ঠ সমাবর্তনের রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ২০১৮ অথবা ২০১৯ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন।
অনলাইনে ভর্তি এবং ষষ্ঠ সমাবর্তন রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ku.ac.bd এ পাওয়া যাবে।
