ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা
ভাঙ্গুড়া উপজেলায় শিশু জন্ম গ্রহণের দিনই তাকে ফুলেল শুভেচ্ছা ও তার নামে একটি চারা গাছ রোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই ব্যতিক্রম উদ্যোগটি হাতে নিয়েছেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান। তিনি বলেন, আজ থেকেই আমরা কাজটি শুরু করেছি। এতে শিশুর মা-বাবা দিনটি স্মরণীয় করে রাখবেন। সেই সঙ্গে শিশুর যত্নের পাশাপাশি তারা ভালোবাসায় গাছটিরও পরিচর্যা করবেন। এ গাছটি একদিন ভবিষ্যতের ডিপোজিট হয়ে উঠবে। রবিবার উপজেলার হাসপাতাল-পাড়ায় একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার খবর পাওয়ার পর পরই ইউএনও ফুলের তোড়া ও চারা গাছ নিয়ে সেখানে পৌঁছেন। ইউএনও নবজাতক হুসাইন ও প্রসূতি মা বিউটি খাতুনকে ফুলের তোড়া উপহার দেন এবং ঐ বাড়ির আঙিনায় নিজ উদ্যোগে বৃক্ষের চারা রোপণ করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. হালিমা খানম ও উপজেলা মত্স্য কর্মকর্তা আব্দুল মতিন উপস্থিত ছিলেন।
