তাণ্ডব শেষে ফিরল বন্যহাতির দল

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩১

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা

নালিতাবাড়ী সীমান্তে তাণ্ডব চালিয়ে তিন দিন অবস্থানের পর অবশেষে সীমান্ত অতিক্রম করেছে ভারতীয় বন্যহাতির দল। শনিবার রাতে বন্যহাতি সীমান্ত অতিক্রম করে বলে জানিয়েছে স্থানীয়রা।

গত বুধবার রাতে ২০ থেকে ২৫টি বন্যহাতি দল বেধে ভারত থেকে বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়ে। ঐ রাতে হাতিরদল ফসলি জমি নষ্ট করে। উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা এলাকার ফেকামারী গ্রামের জহুর উদ্দিনের ১০ কাঠা, শাহজহান মিয়ার ১০ কাঠা, লালমিয়ার ১২ কাঠা এবং আতিকুল ইসলামের ১ একর আমন ধান খেতে হাতি পায়ে মাড়িয়ে নষ্ট করে। পরে দুই দিন হাতিরদল ভারত-বাংলাদেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করে।

শনিবার রাতে বন্যহাতি ফিরে যাওয়ায় এলাকাবাসী স্বস্তিতে থাকলেও আতঙ্ক কাটেনি তাদের।

পানিহাটা গ্রামের নুরুজ্জামান বলেন, হাতিরদল ভারতে চইলা গেছে। কিন্তু ধান খাওনের লাইগা আবার যে কোনো সময় আইতে পারে। এই নিয়ে খুব আতঙ্কের মধ্যেই আছি।