ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীর গুলিতে দুই পুলিশ কর্মকর্তা আহত

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীদের গুলিতে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। শনিবার মধ্য রাতে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা হলের সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মুতালেব এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শিমুল পারভেজ।

সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পাওয়ার হাউজ রোডে মাদক উদ্ধার অভিযানে যায় পুলিশ। অভিযানকালে একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করলে মোটরসাইকেলটি উলটো দিকে ঘুরিয়ে চলে যায়। এসময় পুলিশ মোটরসাইকেলটিকে ধাওয়া করলে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় গিয়ে মাদক ব্যবসায়ীরা চলন্ত মোটরসাইকেল থেকে গুলি ছোড়ে। এতে সদর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল মুতালেব এবং সহকারী উপ-পরিদর্শক শিমুল পারভেজ গুলিবিদ্ধ হন এবং মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়। আহত দুই পুলিশ কর্মকর্তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ সেলিম উদ্দিন জানান, মাদক ব্যবসায়ীদের আটক করতে অভিযান চালানো হচ্ছে।