মুক্তাগাছা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান
লাঞ্ছিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শেদা আক্তার কাকলির চেইন ছিনতাই, হত্যা হুমকি ও লাঞ্ছিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে রবিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তাগাছা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শেদা আক্তার কাকলি। এ সময় উপজেলা চেয়ারম্যান আ. হাই আকন্দ, মানবাধিকার কমিশন হিউম্যান সার্স সোসাইটি সভাপতি রফিকুল ইসলাম, তারাটি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা সমাজসেবক মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
লালপুরে পাওয়ার ক্রাশার বন্ধে মাঠে
নেমেছে নর্থ বেঙ্গল সুগার মিল
লালপুর (নাটোর) সংবাদদাতা লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিল এলাকায় পাওয়ার ক্রাশারে (যন্ত্রচালিত আখ মাড়াই কল) আখ মাড়াই বন্ধে ২০১৯-২০ আখ মাড়াই মৌসুম শুরুর আগেই মাঠে নেমেছে সুগার মিল প্রশাসন। তারা সভা সমাবেশ ছাড়াও নানাভাবে আখচাষিদের সঙ্গে মতবিনিময় করে চলেছেন। প্রতি বছরের ন্যায় অসাধু ব্যবসায়ীরা যদি অবৈধভাবে পাওয়ার ক্রাশারে আখ মাড়াই শুরু করে তবে মিলটির আখ মাড়াই লক্ষ্যমাত্রা ব্যাহত হবে। নর্থ বেঙ্গল সুগার মিলের মহাব্যবস্থাপক (প্রশাসন) আনোয়ার হোসেন জানান, যন্ত্রচালিত আখ মাড়াই কলে আখ মাড়াইয়ের ফলে চিনিকল লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়। ফলে লোকসান গুনতে হয়। আর অবৈধ মাড়াই কলে আখ মাড়াই করে উত্পাদিত গুড় দিয়ে তৈরি করা হয় ভেজাল গুড় যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে একদিকে যেমন চিনি শিল্প ধ্বংসের পথে যাচ্ছে, অপর দিকে দেশের মানুষ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে।
নাটোর চিনিকল এলাকার আখ রোপণ কার্যক্রম শুরু
নাটোর প্রতিনিধি আগামী অর্থবছরের জন্য নাটোর চিনিকল এলাকার আখ রোপণ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকালে মিলগেট সাবজোন এলাকার হুগোলবাড়িয়াতে কার্যক্রমের উদ্বোধন করেন যৌথভাবে নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এ এফ এম জিয়াউল ফারুক এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (সি এ আই এস, সদর দপ্তর) মীর মিরাজ আলী। উদ্বোধনী অনুষ্ঠানে চিনিকলের আদর্শ আখচাষি কামাল উদ্দিনের এক একর জমিতে ঈশ্বরদী বিএসআরআই-৪৫ জাতের আখের বীজ রোপণ করা হয়। পরে অতিথিবৃন্দ পর্যায়ক্রমে মিলগেট সাবজোনের পণ্ডিতগ্রাম এলাকায় ঈশ্বরদী বিএসআরআই-৪৬ এবং বাসুদেবপুর সাবজোন এলাকার নশরতপুর এলাকায় ঈশ্বরদী-৩৯ জাতের আখের বীজ রোপণ করেন। চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মো. রুস্তম আলী বলেন, নাটোর চিনিকলের ৫০টি কেন্দ্রের ৯৭টি ইউনিট এলাকার কৃষকদের জমিতে আখ রোপণ কার্যক্রম আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
দর্শনা কেরু চিনিকলের জমিতে
শিল্পমন্ত্রীর আখ রোপণ পরিদর্শন
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন দর্শনা কেরুর আকন্দবাড়ীয়া পরীক্ষামূলক খামারের ডি ব্লকে ২০১৯-২০ রোপণ মৌসুমের উদ্বোধন করেন। এ সময় মিল জোন এলাকার আখচাষি প্রতিনিধি, শ্রমিক কর্মচারী-কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এর আগে শনিবার শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলি আজগার টগর, শিল্প সচিব আব্দুল হালিম, চিনি করপোরেশন চেয়ারম্যান অজিত কুমার পাল, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও পুলিশ সুপার চিনিকলের ডিস্টিলারি বিভাগ, কারখানা বিভাগ, বায়োফার্টিলাইজার ও কেরু উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।
কুলিয়ারচরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা কুলিয়ারচর উপজেলার চরকামালপুর গ্রাম থেকে রবিবার দুই সন্তানের জননী রুনা বেগমের পেয়ারা গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মৃত রুনা বেগম ঐ গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। কুলিয়ারচর থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে সংবাদ পেয়ে থানা পুলিশ উপজেলার চরকামালপুর গ্রামে গেলে রুনা বেগমকে পেয়ারা গাছে ঝুলন্ত অবস্থায় পায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।
নেত্রকোনায় পলিথিন ব্যবহার বন্ধে শোভাযাত্রা
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনায় পলিথিন শপিং ব্যাগ ও পলিথিন সামগ্রী উত্পাদন, আমদানি, ব্যবহার ও বিতরণ বন্ধের লক্ষ্যে জনসচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। রবিবার জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রাটি পাবলিক হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের অফিসে এসে শেষ হয়। পরে সেখানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল প্রমুখ।
