রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। হাসপাতালগুলোতে কমছে ডেঙ্গু রোগীর সংখ্যা। দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর গত দুই দিন সারাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হাজারের নিচে ছিল। গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০২ জন। এতে স্বস্তি প্রকাশ করলেও দীর্ঘমেয়াদে ডেঙ্গুর প্রাদুর্ভাব বন্ধে দেশব্যাপী সমান গুরুত্ব দিয়ে এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। এক্ষেত্রে নগর কর্তৃপক্ষের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ তাদের। এদিকে গতকাল ডেঙ্গুতে আক্রান্ত আরো তিন জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, হাসপাতাল থেকে চিকিত্সা নিয়ে বাড়িতে ফেরা রোগীর হারও বেড়েছে। রবিবার পর্যন্ত ৯৪ শতাংশ ডেঙ্গু রোগী হাসপাতাল ছেড়েছেন। এ বছর মোট ৭১ হাজার ৯৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিত্সা নিয়েছেন। আর চিকিত্সায় সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৬৫৮ জন। সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে শনিবার গভীর রাতে খাদিজা আক্তার (৪২) নামে এক নারী ডেঙ্গু জ্বরে মারা গেছেন। তার বাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়া এলাকায়। তিনি স্বামী হাবিবুর রহমানের সঙ্গে সাভার পৌর এলাকার ছায়াবীথি এলাকায় থাকতেন। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে শনিবার রাতে আব্দুল কুদ্দুস গাজি (৫২) নামে এক জন মারা গেছেন। তার বাড়ি যশোরের কেশবপুরের বরণডালি গ্রামে। ইমতিয়াজ আহম্মেদ অপু (১৮) নামে এক কলেজছাত্র শনিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। অপু আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নের মাতাইন গ্রামের সেকান্দর মিয়ার ছেলে। তিনি নরসিংদী বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
ঢাকা উত্তরের অর্ধেক বাড়িতেই এডিস মশা জন্মানোর পরিবেশ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রায় ৭৪ হাজার বাড়ি ও স্থাপনা ঘুরে দেখে ২ দশমিক ০৯ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা পেয়েছেন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা। আর ৫৩ দশমিক ৬৫ শতাংশ বাড়ি ও স্থাপনায় এডিস মশার ‘প্রজনন উপযোগী পরিবেশ’ দেখতে পাওয়ার কথা বলেছেন তারা।
ডেঙ্গু নিয়ে প্রশ্ন শুনেই হট্টগোল শুরু কাউন্সিলরদের
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা ও অনুমোদন শেষে এক সাংবাদিক মেয়রকে প্রশ্ন করেন, ডেঙ্গু পরিস্থিতি এত ভয়াবহ হওয়ার পরও মশা নিয়ন্ত্রণে কাউন্সিলরদের কেন মাঠে দেখা যায়নি? মেয়র উত্তর দেওয়ার আগেই সেই সাংবাদিককে থামিয়ে দেন ডিএসসিসির ওয়ার্ড কাউন্সিলররা। শুরু হয় হট্টগোল। কেউ কেউ ‘মিথ্যা মিথ্যা’, ‘থাম সাংবাদিক’ ইত্যাদি বলে চিত্কার শুরু করেন। এ সময় কাউন্সিলরদের থামানোর চেষ্টা করলেও তারা চিত্কার-চেঁচামেচি বন্ধ করছিলেন না। শেষ পর্যন্ত স্টেজে মাইক অন করে কাউন্সিলরদের ‘ধমক’ দেন মেয়র সাঈদ খোকন।
হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে গড়ে ওঠা বেশ কয়েকটি শিল্প কারখানায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে। শুধু স্টার সিরামিক কোম্পানিতেই পাওয়া গেছে ৩৯ জনের মতো ডেঙ্গু রোগী। শিল্প এলাকার এ সমস্যা নিয়ে শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
