চুক্তিহীন ব্রেক্সিট ঠেকাতে নতুন প্রস্তাব আনছেন এমপিরা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৯

ব্রিটেনে প্রধানমন্ত্রী বরিস জনসনের চুক্তিহীন ব্রেক্সিট ঠেকাতে চলতি সপ্তাহে নতুন প্রস্তাব আনছেন বিরোধী এমপিরা। ছায়া ব্রেক্সিটমন্ত্রী স্যার কেইর স্ট্যারমার এই তথ্য জানিয়েছেন। তবে সরকার এই প্রস্তাব পাশ হওয়ার পর তা মানবে কি না সেই নিশ্চয়তা পাওয়া যায়নি। খবর বিবিসির

কেইর স্ট্যারমার জানিয়েছেন, প্রধানমন্ত্রীর চুক্তিহীন ব্রেক্সিট প্রতিরোধে নতুন প্রস্তাব আনা হবে। তবে তিনি এই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে চুক্তিহীন ব্রেক্সিট থেকে সরে আসা। আমরা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনার জন্য সময় বাড়াতে চাই। এটা আমাদের দ্বিতীয় টার্গেট। প্রথম টার্গেট চুক্তিহীন ব্রেক্সিট ঠেকানো। ‘ক্যাবিনেট মিনিস্টার মাইকেল গোভ বলেছেন, প্রস্তাবটি পাশ হলে তা মানা হবে কি না সেটাই বিবেচনার বিষয়। কারণ এটি মানার কোনো বাধ্যবাধকতা নেই। তবে প্রস্তাবটি আগে দেখা দরকার। যদিও চুক্তিহীন ব্রেক্সিটকে বাধাগ্রস্ত করে এমন কোনো কিছু নাও মানা হতে পারে। ব্রেক্সিট পরিকল্পনায় নীতি নির্ধারণের ভূমিকা পালন করা মাইকেল গোভ বলেন, চুক্তিহীন ব্রেক্সিট হলে খাদ্যের সংকট দেখা দেবে না। কিছু পণ্যের দাম বাড়লেও কিছু পণ্যের দাম কমবেও বটে। লেবার পার্টির ছায়া চ্যান্সেলর জন ম্যাকডোনেল জানিয়েছেন, মঙ্গলবার প্রস্তাবটি প্রকাশ করা হবে। তিনি বলেন, পার্লামেন্টই যে চূড়ান্ত ভরসা সেটাই দেখা যাবে।