অনন্ত বিজয় দাশ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাসহ দুই জনের সাক্ষ্যগ্রহণ করেন গতকাল রবিবার সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ মমিনুন নেস। চাঞ্চল্যকর এই মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক নুরুল আলম এবং সাংস্কৃতিক সংগঠক রজতকান্তি গুপ্ত আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দেন। এ নিয়ে এই মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলো। চাঞ্চল্যকর এ মামলায় সিআইডি মোট ২৯ জনকে সাক্ষী করে আদালতে অভিযোগপত্র দেয়।
মামলার বাদীপক্ষের আইনজীবী ছিলেন এমাদউল্লাহ শহীদুল ইসলাম শাহীন। তাকে সহায়তা করেন মনির উদ্দিন। তিনি জানান, আদালত আগামী ১ অক্টোবর সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।
২০১৫ সালের ১২ মে সিলেট নগরীর সুবিদবাজারে নিজ বাসার সামনে কুপিয়ে অনন্ত বিজয় দাশকে হত্যা করা হয়। এ ঘটনায় অনন্তর বড়ো ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে নগরীর বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন।
