রাজধানীর মোহাম্মদপুরে তাজমহল রোড পার্কে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে গতকাল রবিবার তোপের মুখে পড়ে সিটি করপোরেশনের অভিযানকারী দল। উচ্ছেদ অভিযান চলাকালে জামি’আ বাইতুল আমান মাদ্রাসার শিক্ষার্থী, স্থানীয় লোকজন এবং সিটি করপোরেশন কর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঢিল ছোড়াছুড়িসহ ধাওয়া-পালটা ধাওয়া চলে। গতকাল দুপুরে ডিএনসিসির দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল তাজমহল রোডের সি-ব্লকের খেলার মাঠ ও পার্কের দক্ষিণ-পশ্চিম কোনায় থাকা একটি টিনশেড উচ্ছেদ করতে গেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাজমহল রোড মাঠের একাংশে গড়ে তোলা টিনশেড ঘরটি জামি’আ বাইতুল আমান মিনার মসজিদ ও ইসলামী কেন্দ্রের রান্নাঘর হিসেবে ব্যবহার করা হচ্ছিল। ঐ ঘর ভাঙতে গেলে মাদ্রাসার শিক্ষার্থীরা সিটি করপোরেশন কর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়। এসময় মাদ্রাসা শিক্ষার্থীরা সিটি করপোরেশনের কর্মী এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষ্য করে গরম পানি, মরিচের গুঁড়া ও ইটপাটকেল ছুড়ে মারে। এরপর আওয়ামী লীগের নেতাকর্মীরাও লাঠিসোঁটা নিয়ে মাদ্রাসা ছাত্রদের ধাওয়া দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গেলে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইটের আঘাতে এক মাদ্রাসা ছাত্র আহত হয়। প্রায় আধাঘণ্টা ধাওয়া-পালটা ধাওয়ার পর ডিএনসিসির কর্মকর্তা, পুলিশ ও স্থানীয়রা মাদ্রাসার শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে আধাপাকা ঐ ঘরটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
এদিকে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা চলে যাওয়ার পর বিক্ষুব্ধ মাদ্রাসা ছাত্ররা আবারও আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দেয়। এ সময় মাঠে থাকা নির্মাণসামগ্রী ভাঙচুর ও উন্নয়ন কাজে নিয়োজিত ঠিকাদারের অস্থায়ী কার্যালয়ও ভেঙে ফেলে শিক্ষার্থীরা। মাদ্রাসা ছাত্ররা অভিযোগ করে বলেন, ঐ ঘরটিতে প্রায় ৬০০ ছাত্রের রান্নার কাজ হতো। আমরা ঘরটির বিকল্প ব্যবস্থার কথা বলেছিলাম কিন্তু তারা আমাদের কথা শুনেনি।
ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার সাংবাদিকদের জানান, রাজধানীর মাঠ ও পার্ক উন্নয়ন প্রকল্পের আওতায় তাজমহল রোড মাঠেরও সৌন্দর্যবর্ধন ও সংস্কার কাজ চলছে। আমরা ছয় মাস আগে থেকেই মাদ্রাসা কমিটির লোকজনকে বোঝানোর চেষ্টা করেছি। আলাদা জায়গায় রান্নাঘর তৈরি করে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। কিন্তু, তারা কথা শুনেনি। উচ্ছেদ করতে এলে তারা আমাদের ওপর হামলা চালায়।
