সমতারভিত্তিতে ভবিষ্যত্ বিশ্ব গড়ে তুলতে হবে

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০২

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দারিদ্র্য দূর করে সমতারভিত্তিতে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সম্ভাবনাময় ভবিষ্যত্ বিশ্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। গতকাল রবিবার মালদ্বীপের রাজধানী মালেতে শুরু হওয়া দুইদিনব্যাপী ‘চতুর্থ সাউথ এশিয়ান স্পিকার্স সামিট’ এর প্রথমদিনে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এসডিজির লক্ষ্যপূরণে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি বলেন, সম্মেলনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার সংসদগুলোর মধ্যে কর্মপরিকল্পনা ও অভিজ্ঞতা বিনিময়ের দ্বার উন্মোচিত হয়েছে।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে শিরীন শারমিন বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যকে (এসডিজি) প্রাধান্য দিয়ে কাজ করছে বাংলাদেশ জাতীয় সংসদ। নীতি ও আইনসহ জাতীয় বাজেট প্রণয়নেও এসডিজিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এসডিজির বিভিন্ন কম্পোনেন্ট নিবিড় পর্যালোচনাসহ শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে বাজেটের পর্যাপ্ত বরাদ্দ এবং বরাদ্দকৃত অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনায় মতামত রাখছেন এমপিরা।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসডিজি লক্ষ্য পূরণের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত দেশে রূপান্তরের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

মালদ্বীপের স্পিকার মোহাম্মদ নাশিদের সভাপতিত্বে সম্মেলনে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল মার্টিন চুনগং ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের স্পিকাররা অংশ নেন। বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য ওয়াসিকা আয়শা খান এমপি এ সময় উপস্থিত ছিলেন।

শিরীন শারমিনের সঙ্গে ভারতীয় লোকসভা স্পিকারের সৌজন্য সাক্ষাত্

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে গতকাল সৌজন্য সাক্ষাত্ করেন ভারতীয় লোকসভার স্পিকার ওম বিড়লা। সাক্ষাত্কালে তারা রোহিঙ্গা ইস্যু, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম, সংসদীয় মৈত্রী গ্রুপ, ই-পার্লামেন্ট ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। শিরীন শারমিন এ সময় ওম বিড়লাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।