তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি ঢাকার সায়েন্স ল্যাবরেটরিতে পুলিশের ওপর হাতবোমা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএসের জড়িত থাকার কথা নাকচ করে দিয়ে বলেছেন, বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। কোনো ঘটনার পর আইএসের দায় স্বীকারের দাবি কোত্থেকে কীভাবে আসে, সে বিষয়টিও তার জানা নেই। গতকাল রবিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আমার সন্দেহ হচ্ছে, কোনো সময় গাড়ির চাকা ফাটলেও সেটা আইএস করেছে বলা হবে। বাংলাদেশে একটি পটকা ফুটলে বা একটি বোমা ফুটলে সেটাই আইএস!
তথ্যমন্ত্রী বলেন, আমরা জঙ্গি অবদমন করতে পেরেছি, কিন্তু পুরোপুরি নির্মূল হয়নি। আগস্ট মাসের শেষ দিনে জঙ্গিরা একটি বোমা ফাটিয়ে জানান দেওয়ার চেষ্টা করেছে যে তারা এখনো নির্মূল হয়নি। আমরা তাদের নির্মূল করার জন্য বদ্ধপরিকর। বিএনপিসহ কিছু দল জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে অভিযোগ করে হাছান মাহমুদ বলেন, তাদের প্রতি অনুরোধ, আশ্রয়-প্রশ্রয় দেওয়ার রাজনীতি থেকে বেরিয়ে আসুন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপির ৪১ বছরের ইতিহাসে তারা ক্ষমতা দখল করেছিল, কিন্তু দেশকে তারা সুশাসন দিতে পারেনি। বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন, তখন দুর্নীতি-দুঃশাসন শুধু নয়, দেশ জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত হয়।
সড়ক দুর্ঘটনায় বিআইডব্লিউটিসির কর্মকর্তা কৃষ্ণা রায় চৌধুরীর পা হারানোর ঘটনা নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ উল্লেখ করে বলেন, ‘আসলে কিছু চালক যেভাবে বেপরোয়া হয়ে উঠেছে, এটি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। আমি মনে করি সবারই সচেতন হওয়া প্রয়োজন। চালক ছাড়া অন্য কাউকে স্টিয়ারিংয়ে বসার সুযোগ না দেওয়ার জন্য বাস-ট্রাক মালিক ও শ্রমিক ইউনিয়ন নেতাদের প্রতি অনুরোধ জানান তিনি। তিনি আরো বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সামাজিক গুজব ছড়ানো হয়। আমি চাই সামাজিক যোগাযোগ মাধ্যমেই এর সমাধান হোক।
