জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। তার অভিযোগ, নিরাপত্তার নামে উপত্যকায় দমন-পীড়ন চালাচ্ছে ভারত সরকার। এর বিরুদ্ধে মার্কিন প্রশাসনের প্রতিবাদ করা উচিত বলেও দাবি তোলেন তিনি। তিনি ভারতের কর্মকান্ডকে অগ্রহণযোগ্য বলেও দাবি করেন। ভারমন্টের সিনেটর এবং ২০১৬ সালের প্রেসিডেন্ট প্রার্থী বার্নি স্যান্ডার্স অনাবাসী ভারতীয়দের মধ্যে বিপুল জনপ্রিয়। শনিবার একটি অনুষ্ঠানে তিনি বলেন, জম্মু-কাশ্মীরে ভিন্ন মত পোষণকারীদের বিরুদ্ধে দমননীতি নেওয়া হচ্ছে।
ওমর আব্দুলাহর সঙ্গে সাক্ষাত্ পরিবারের
তিন সপ্তাহের বেশি সময় গৃহবন্দি থাকার পর অবশেষে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ ও পিপলস ডেমোক্র্যাটিক পার্টির প্রধান মেহেবুবা মুফতি পরিবারের লোকজনের সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছেন। ওমর আব্দুল্লাহর পরিবারের পক্ষে মিডিয়াকে জানানো হয়েছে, শ্রীনগরের হরিনিবাসে এই মুহূর্তে বন্দি এই কাশ্মীরি নেতা। তার সঙ্গে তার বোন সাফিয়াকে শনিবার ২০ মিনিটের জন্যে দেখা করার অনুমতি দেয় প্রশাসন। অন্যদিকে মেহেবুবা মুফতির সঙ্গে তার পরিবার দেখা করার সুযোগ পেয়েছে গত বৃহস্পতিবার। চেশমাশাহি অঞ্চলের একটি সাব জেলে বন্দি এই পিডিপি নেতা। - আনন্দবাজার পত্রিকা
