কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্কুলছাত্রী স্মৃতি আক্তার রীমাকে (১৫) ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামি জাহিদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। রবিবার বিকেলে কিশোরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে পাকুন্দিয়া থানা পুলিশ। সে পাকুন্দিয়া উপজেলার চরফরাদী গ্রামের খুরশিদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রবিবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) এসএম শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কিশোরগঞ্জের জেলা স্মরণি মোড় এলাকা থেকে জাহিদকে গ্রেফতার করে। সে স্কুলছাত্রী স্মৃতি আক্তার রীমা ধর্ষণ ও হত্যা মামলার এজাহারভূক্ত এক নম্বর আসামি।
আরও পড়ুন: কৃষ্ণা রায়কে চাপা দেয়া বাসের চালক গ্রেপ্তার
বিষয়টি নিশ্চিত করে এসএম শফিকুল ইসলাম জানান, গ্রেফতার জাহিদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১৬ জুলাই (মঙ্গলবার) বিকেলে মায়ের সাথে অসুস্থ নানীকে দেখতে পাকুন্দিয়া উপজেলার গাংধোয়ারচর গ্রামে নানার বাড়িতে আসে রীমা। ১৮ জুলাই বৃহস্পতিবার নানার বাড়ির পশ্চিম পাশে পুকুর পাড়ে একটি বরই গাছের ডালে ঝুলন্ত রীমার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রীমার মা আঙ্গুরা খাতুন ১৯ জুলাই শুক্রবার রাতে বাদী হয়ে চরফরাদী গ্রামের খুরশিদ মিয়ার ছেলে জাহিদ মিয়া, রুবেল মিয়ার ছেলে পিয়াস মিয়া, ফারুক মিয়ার ছেলে রুমান মিয়া ও কফুল উদ্দিনের ছেলে রাজু মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
স্মৃতি আক্তার রীমা হোসেনপুর উপজেলার জামাইল গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে। সে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রী ছিল।
ইত্তেফাক/এমআরএম

