কামাল হোসাইন
নদী আমার নদী তোমার
নদীই হচ্ছে প্রাণ
নদী শোনায় তার দুপাড়ের
বেঁচে থাকার গান।
নদীর বুকে জল থইথই
ছলাত্ ছলাত্ ঢেউ
কিন্তু নদীর বুকের ব্যথা
বুঝতে পারে কেউ?
দখল এবং দূষণ হয়ে
নেই সে নদীর রূপ
কিন্তু কেন? জানব কোথায়
সবাই তো নিশ্চুপ।
প্রমত্তা সেই নদী আমার
বুকভরা নেই মাছে
শীর্ণকায়া নদী কেবল
নামটা নিয়েই আছে।
হারিয়ে গেছে তার দুপাড়ের
সবুজ ছড়াছড়ি
গাছ কেটে আজ ধ্বংস করে
আজব নগর গড়ি।
নদী আমার চিত্রা নদী
নেই সে জেলে পাড়া
যতই ডাকি নদী আমার
দেয় না এখন সাড়া।
