রে সি পি-১

তালের স্বাদে

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৮

 

বাঙালির রসনা বিলাসে পিঠা অন্যতম। ভাদ্রের এই সময়ে পাকা তালের রসে নানা স্বাদের পিঠা তৈরি করা হয়ে থাকে। তালের তিন রকমের পিঠার রেসিপি নিয়ে এবারের আয়োজন

 

 

 

তালের বড়া

 

উপকরণ :তালের পাল্প ১ কাপ, চালের গুঁড়া ২ কাপ, নারিকেল ৩ টেবিল চামচ (কুড়ানো), চাঁপাকলা ২ টা, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, বেকিং পাউডার সিকি চা চামচ, পানি পরিমাণমতো, ভাজার জন্য তেল পরিমাণমতো, চিনি পরিমাণমতো।

 

প্রণালি :তাল চিপে রস বের করে একটা পাতলা কাপড়ে রেখে বেঁধে ঝুলিয়ে রাখুন ৫-৬ ঘণ্টা। এবার ভাজার জন্য তেল বাদে অন্য সব উপকরণ একসাথে ভালো করে মেখে আধা ঘণ্টা ঢেকে রাখুন। তারপর কড়াইতে তেল দিয়ে গরম হলে মাখানো মিশ্রণ থেকে বড়ার আকারে ৭-৮ করে দিয়ে ডুবো তেলে সোনালি করে ভেজে নিন। সবগুলো বড়া ভাজা হয়ে গেলে পরিবেশন পাত্রে ঢেলে গরম গরম পরিবেশন করুণ মজাদার তালের বড়া।

 

তালের পুলি পিঠা

 

উপকরণ :পুর তৈরির জন্য তালের পাল্প ১ কাপ, নারিকেল কোড়ানো আধা কাপ, চিনি পরিমাণমতো, গুঁড়া দুধ আধা কাপ, এলাচ গুঁড়া ২-৩টি। ডোর জন্য ময়দা ২ কাপ, তেল ৩ টেবিল চামচ, লবণ সামান্য, ভাজার জন্য তেল পরিমাণমতো।

 

প্রণালি :কড়াইতে তালের পাল্ম দিয়ে জ্বাল দিন। কিছুক্ষণ পর অন্যসব উপকরণ একে একে দিয়ে জ্বাল দিন। খেয়াল রাখবেন তলায় যেন লেগে না যায়। এবার মিশ্রণ ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করে নিন। ময়দার সাথে তেল ও লবণ মেখে নিন। এবার পরিমাণমতো পানি দিয়ে ভালো করে ময়ান দিন। আধা ঘণ্টা ময়দার খামির ঢেকে রাখুন। এবার ময়দার খামির থেকে বড় রুটি বেলে নিন। রুটির সাইডে তালের রান্না করা পুর রেখে ছুরি দিয়ে কেটে নিন। তারপর মুড়ে দিন। কয়েকটা হয়ে গেলে ডুবো তেলে ভেজে নিন। এবার পরিবেশন পাত্রে রেখে গরম গরম পরিবেশন করুন তালের পুলি পিঠা।

 

তালের হালুয়া

 

উপকরণ :তালের পাল্ম ২ কাপ, ঘি ২ টেবিল চামচ, গুঁড়া দুধ ১ কাপ, চিনি পরিমাণমতো, এলাচ ২-৩টি, কাজু বাদাম ২ টেবিল চামচ, পেস্তা ২ টেবিল চামচ, কিশমিশ ২ টেবিল চামচ, মাওয়া ২ টেবিল চামচ।

 

প্রণালি :প্যানে ঘি গরম হয়ে এলে এলাচ দিন। এবার তালের পাল্প দিয়ে ভালো করে ঘিয়ে ভুনে নিন। গুঁড়া দুধ পানিতে (অল্প) গুলে ঢেলে দিন। ভালো করে মিশিয়ে নেড়ে দিন। হালুয়া প্রায় হয়ে এলে অর্ধেক কাজু বাদাম, কিশমিশ, মাওয়া ও পেস্তা কুচি দিয়ে নামিয়ে নিন। এবার পরিবেশন পাত্রে ঢেলে উপরে বাকি কিশমিশ, পেস্তা ও কাজু বাদাম কুচি দিয়ে সাজিয়ে ঠাণ্ডা হলে পরিবেশন করুন।