বিনোদন রিপোর্ট
দেশের শীর্ষ ব্যান্ডদল ‘মাইলস’ তাদের ৪০ বছর পূর্তি উপলক্ষে ওয়ার্ল্ডট্যুর করছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কোনো ব্যান্ডদল এই প্রথমবারের মতো সর্বাধিক রাজ্যে রেকর্ডসংখ্যক স্টেজ শোতে অংশ নিয়েছে। এমন রেকর্ড ব্যান্ডদলটির জনপ্রিয়তাই প্রমাণ করে। তবে দুঃখজনক হলেও সত্য যে ভিসা জটিলতার কারণে যুক্তরাষ্ট্র সফরে মাইলসের সাথে ছিলেন না তাদের প্রধান ভোকাল শাফিন আহমেদ। যদিও বিশ্বজোড়া অগনিত মাইলস ভক্তদের কাছে কমপ্লিট কম্পোজিশন আর হামিন আহমেদের অসাধারণ পারফর্মেন্সে সে অভাব তারা বুঝতে দেননি।
তবে এবারে যুক্তরাষ্ট্র থেকে পুরো ব্যান্ডদল পাড়ি দিয়েছে পার্শ্ববর্তী দেশ কানাডায়। তাই আমেরিকান বর্ডার পার হয়েই বিশাল লিমুজিনে অভ্যর্থনা পায় মাইলস ব্যান্ডদল। আয়োজকদের ইচ্ছে অনুযায়ী একাধিক কনসার্ট করবে তারা কানাডাতেও। এদিকে গত সপ্তাহে শাফিন আহমেদ দেশ ছেড়ে কানাডায় পৌঁছেছেন। সেখানে গিয়েই কমপ্লিট মাইলস তাদের ফটোশুট আর নিজস্ব পেজে ছবিও পোস্ট করেছেন।
শাফিন আহমেদ জানান, ‘এটা একটা সাময়িক দুর্ঘটনা। তবে স্বাভাবিকভাবেই বাকি দেশ গুলোতে আমরা একসাথেই শো করবো। আমরা বরাবরই একটি পরিবার। সুতরাং আমেরিকার শোগুলো ব্যক্তিগতভাবে মিস করেছি। সেক্ষেত্রে হামিন আহমেদের ওপরে বেশ অতিরিক্ত প্রেশার গিয়েছে। এখন ওকে খানিকটা ভোকাল রেস্ট দেয়া দরকার।’
উল্লেখ্য, কানাডায় শো শেষ করে ‘মাইলস’ আবারও যুক্তরাষ্ট্রে কয়েকটি শোতে অংশ নেবার পর উড়াল দেবে আবার অষ্ট্রেলিয়ার উদ্দেশ্যে।
