প্রত্যাশা নিয়েই যাচ্ছে বাংলাদেশ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৬

যুব এশিয়া কাপ

স্পোর্টস রিপোর্টার

ক’দিন আগেই ইংল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনাল খেলে এসেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। এবার আরেকটু বড় মঞ্চে নিজেদের প্রমাণের অপেক্ষা। শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য যুব এশিয়া কাপে অংশ নিতে আজ দেশ ছাড়ছে বাংলাদেশ দল। যাত্রার আগে বাংলাদেশ দলের অধিনায়ক আকবার আলী বললেন, তারা এ টুর্নামেন্ট থেকে ভালো ফলাফল নিয়ে ফিরতে প্রস্তুত।

শ্রীলঙ্কায় এশিয়া কাপে অংশ নিচ্ছে আটটি দল। বাংলাদেশ আছে এখানে ‘বি’ গ্রুপে। বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আরব আমিরাত ও নেপাল। আর ‘এ’ গ্রুপে আছে ভারত, আফগানিস্তান, পাকিস্তান ও কুয়েত।

৬ সেপ্টেম্বর বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে আরব আমিরাতের বিপক্ষে। এরপর ৮ তারিখ বাংলাদেশের খেলা নেপালের বিপক্ষে। আর ১০ তারিখ আকবর আলীদের খেলা স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে। ১২ সেপ্টম্বর দুটি সেমিফাইনাল এবং ১৪ সেপ্টেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে।

এই টুর্নামেন্টে অংশ নিতে রওনা দেওয়ার আগে ইংল্যান্ডের টুর্নামেন্টটির ট্রফি জিততে না পারার প্রসঙ্গ এলো। আকবর আলী বললেন, তারা ঐ একটি ম্যাচই খারাপ খেলেছেন টুর্নামেন্টে, ‘ইংল্যান্ড সিরিজটি আমরা শুধু ফাইনালটাই হেরেছি। ফাইনাল বাদে আমরা খুব ভালো টুর্নামেন্ট কাটিয়েছি। টেবিল টপার হিসেবে ফাইনালে গিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত ফাইনালে জিততে পারিনি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ের কথা চিন্তা করলে আমাদের একটি সফর গেছে।’

ফাইনাল না জিতলেও ওই ফাইনালে উঠতে পারাটা এশিয়া কাপের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আকবর আলী মনে করেন, ‘ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ড এবং ভারতকে হারানো আমাদের জন্য বাড়তি পাওনা ছিল। এ অভিজ্ঞতা আমরা এশিয়া কাপ কিংবা পরবর্তী সিরিজ এমনকি বিশ্বকাপেও কাজে লাগাতে পারব।’

আর এই এশিয়া কাপটাও তার কাছে মূলত বিশ্বকাপের একটা প্রস্তুতি, ‘আসলে মূল লক্ষ্য বিশ্বকাপেই। কিন্তু এখনো বিশ্বকাপের পাঁচ মাস বাকি। অতদূর চিন্তা করছি না। সামনে যে অ্যাসাইনমেন্ট রয়েছে এশিয়া কাপ, সেটার দিকেই ফোকাস রয়েছে। কীভাবে আমরা ভালো ফলাফল নিয়ে আসতে পারি।’

আকবর আলী মনে করেন, তাদের এ পর্যন্ত বিভিন্ন ক্যাম্পে যে প্রস্তুতি হয়েছে, তাতে ব্যাটিংটা খুব ভালো একটা অবস্থায় গেছে। ব্যাটিং নিয়ে তিনি বলছিলেন, ‘ইংল্যান্ডে যাওয়ার আগে খুলনা, মিরপুরে যে ক্যাম্পগুলো করেছি (দুই দিনের) সেগুলো আমাদের খুব সাহায্য করেছে। আমরা ইংল্যান্ডে যেয়ে এক সপ্তাহ সময় পেয়েছিলাম খেলার আগে। সেই সময় আমাদের ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করেছে।’

শুধু ব্যাটিং নয়, যুব দলের অধিনায়ক মনে করেন, তার পেস বোলিংও খুব ভালো একটা অবস্থায় আছে। নাম ধরে ধরেই তিনি বললেন, ‘শুধু সাকিব-মৃত্যুঞ্জয় নয়, বাকি যারা পেসার রয়েছে যেমন শরিফুল এবং শাহিন আলমও বেশ কিছু ম্যাচ খেলেছে। তারাও ভালো করেছে। আসলে সাকিব এবং মৃত্যুঞ্জয় বেশি উইকেট পেয়েছে বিধায় তাদের স্পটে রাখা হয়েছে। আমি বলব আমাদের পুরো বোলিং ইউনিট ভালো করেছে।’

তবে শ্রীলঙ্কার কন্ডিশন মাথায় রেখে এবার দলে বাড়তি স্পিনার নেওয়া হয়েছে বলে জানালেন আকবর, ‘গত সিরিজে রকিবুল ছিল, রকিবুলের সাথে এবার সিয়াম এবং মিজানুর ভালো করবে আশা করি।’