ধোনিকে ছাড়িয়ে গেলেন পান্ত

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৭

স্পোর্টস ডেস্ক

বলা যায়, ভারতীয় দলে মহেন্দ্র সিং ধোনির জায়গাটা পুরোপুরি নিজের করে নিয়েছেন ঋষাভ পান্ত। আর শুধু ধোনির জায়গায় থিতু হয়েই নয়, ধোনির রেকর্ডও এবার ছিনিয়ে নিলেন পান্ত। পান্ত এখন টেস্টে দ্রুততম সময়ে ৫০টি ডিসমিসাল পাওয়া ভারতীয় উইকেটরক্ষক।

এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ৫০টি ডিসমিসালের মাইলফলক ছুঁতে তার খেলতে হয়েছিল ১৫টি টেস্ট। অন্যদিকে পান্ত মাত্র ১১টি টেস্টেই এই মাইলফলক ছুয়ে ফেললেন, ছাড়িয়ে গেলেন সাবেক অধিনায়ক ধোনিকে। গেল রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকায় সিরিজে দ্বিতীয় টেস্টে পান্ত এই কীর্তি গড়েন।

৫০তম ডিসমিসালটি তিনি পান বোলার ইশান্ত শর্মার সৌজন্যে। ক্রেগ ব্রেথওয়েট এই শর্মার বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। ব্যস, হয়ে গেল পান্তের রেকর্ড।

২১ বছর বয়সী পান্ত অবশ্য এর চেয়ে বড়ো কীর্তি আগেও গড়েছেন। গেল ডিসেম্বরে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড ওভালে পেয়েছিলেন ১১টি ডিসমিসাল। আর এটাই হলো টেস্ট ম্যাচে যে কোনো উইকেটরক্ষকের সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড। যদিও, এক টেস্টে সমান সংখ্যক ডিসমিসাল আছে ইংল্যান্ডের জ্যাক রাসেল ও দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের।

পান্তের এই রেকর্ড গড়ার দিনে ভারত স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে আরো এক ধাপ এগিয়ে গেছে। ভারত ওয়েস্ট ইন্ডিজের সামনে ৪৬৮ রানের বিশাল এক লক্ষ্য দিয়েছে। আর তার জবাব দিতে নেমে মাত্র ৪৫ রান তুলতে না তুলতেই ক্যারিবিয়ানরা হারিয়ে ফেলেছে দুটি উইকেট।

প্রথম ইনিংসে ভারত করে ৪১৬ রান। তার জবাবে পেসার জাসপ্রিত বুমরাহর বোলিং তোপের সামনে মাত্র ১১৭ রান করে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। হ্যাটট্রিকসহ বুমরাহ নেন ছয় উইকেট। এরপর স্বাগতিক আর ফলোঅনে না ফেলে পুনরায় ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি।

ভারত চার উইকেট হারিয়ে ১৬৮ রান করেই ইনিংস ঘোষণা করে। আজিঙ্কা রাহানে দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করে অপরাজিত ছিলেন। অন্যদিকে প্রথম ইনিংসে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পাওয়া হনুমা বিহারী এই ইনিংসেও ছন্দে ছিলেন। তার ব্যাট থেকে এসেছে অপরাজিত ৫৩ রান।

জবাব দিতে নেমে তৃতীয় দিনে ১৩ ওভার ব্যাটিং করার সুযোগ পায় ক্যারিবিয়ানরা। ভারতীয় বোলাররা এর পুরোটা কাজে লাগান। দুই উইকেট এরই মধ্যে পেয়ে গেছেন তারা।