জাকির হোসেন লুলু, চট্টগ্রাম অফিস
সফরকারী আফগানিস্তান দুই দিনের একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে বিসিবি একাদশের বিপক্ষে। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়েছে। ম্যাচশেষে আফগান বোলার জহির খান বলেছেন, ম্যাচ ড্র হলেও তারা এগিয়ে থাকার সন্তুষ্টি নিয়ে মাঠ ছাড়তে পেরেছেন।
প্রস্তুতি ম্যাচ হলেও আফগান ব্যাটসম্যানরা নিজেদের ঝালিয়ে নিয়েছে সঠিকভাবেই। অন্যদিকে বোলাররাও নিজেদের দায়িত্ব পালন করেছেন একইভাবেই। সফরকারীরা প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ২৮৯ রান তুলে ইনিংস ঘোষণা করে। ১২৩ রানেই অলআউট হয় বিসিবি একাদশ। পরে বিনা উইকেটে ১৪ রান তোলে আফগানরা।
প্রস্তুতিমূলক ম্যাচের প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান দলপতি রশিদ খান। শুরুতে উইকেটের জন্য লড়তে হয় স্বাগতিকদের। আফগানদের প্রথম উইকেটের পতন হয় ১৩১ রানের মাথায়। চার নম্বরে নামা রহমত শাহ (৭) নিজের ইনিংস লম্বা করতে পারেননি। হাশমতউল্লাহ শহিদী ৬১ বলে তিনটি চারের সাহায্যে করেন ২৬ রান। ১৬ রান আসে সাবেক দলপতি আসগর আফগানের ব্যাট থেকে। অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী ৭৯ বলে একটি করে বাউন্ডারি, ওভার বাউন্ডারিতে করেন ৩৩ রান। উইকেটরক্ষক ব্যাটসম্যান ইকরাম আলি খিল ১ রান করে বিদায় নেন। আফসার জাজাই ৭৫ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। দলপতি রশিদ খান ১৪ বলে ১৩ রান করেন। শেষ দিকে ৩১ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন কায়েস আহমেদ।
আগের দিন বিসিবি একাদশের হয়ে আল আমিন ১৮ ওভারে ৩ মেডেন নিয়ে ৫১ রান খরচায় তুলে নেন চারটি উইকেট। ১৯ ওভারে ৪৩ রান খরচ করে তিনটি উইকেট পান সুমন খান।
ব্যাটিংয়ে নেমে বিসিবি একাদশের ওপেনার এনামুল হক বিজয় ৩৫ বলে করেন ১৯ রান। আরেক ওপেনার সাব্বির হোসেন ৪, ফজলে মাহমুদ ৮, নাঈম ইসলাম ১৩, আল আমিন ২৯ রান করেন। দলপতি সোহান করেন ১৫ রান। এছাড়া ইরফান শুক্কুর ৯, ফারদিন হাসান ১৪, সুমন খান ৩, মেহেদি রানা ০, মানিক খান ০ রান করেন। আফগানদের হয়ে ১১.৩ ওভারে ২৪ রান খরচায় ৫টি উইকেট তুলে নেন বাঁহাতি বোলার জহির খান।
রশিদ খান ৮ ওভারে ২৬ রান দিয়ে নেন তিনটি উইকেট। সাঈদ শিরজাদ একটি আর শাপুর জাদরান একটি করে উইকেট তুলে নেন। মোহাম্মদ নবী ৮ ওভারে ১৮ রান দিয়ে কোনো উইকেট পাননি।
দ্বিতীয় ইনিংসে আফগানরা ৩.৫ ওভারে বিনা উইকেটে তোলে ১৪ রান। ওপেনার জাভেদ আহমাদি ১২ আর রহমত শাহ ২ রানে অপরাজিত থাকেন।
দিন শেষে আফগান বোলার জহির খান বলেন, ‘ম্যাচ ড্র হলেও সর্বক্ষেত্রে আমরা এগিয়ে রয়েছি। প্রস্তুতিমূলক ম্যাচটা টেস্ট ম্যাচে কাজে লাগবে। আমরা আশা করি পাঁচ দিনের ম্যাচে আমাদের ক্রিকেটাররা ভালো খেলবে। এখানকার দর্শকরা একটি উপভোগ্য ম্যাচ দেখতে পাবেন।’
