আজ দুশানবেতে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২১:০১

বিশ্বকাপ বাছাইয়ে গোল চান জীবন

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ তাজিকিস্তানের দুশানবেতে স্থানীয় দল এফসি কুকতোশের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে। রবিবার মধ্যরাতে তাজিকিস্তান পৌঁছানোর পর গতকাল সকালে খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছিলেন কোচ জেমি ডে। তবে এ প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে কাল স্থানীয় সময় বিকালে অনুশীলন করেন জামাল ভূঁইয়ারা।

বাফুফে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তাজিকিস্তান লিগের তৃতীয় স্থানে থাকা দল কুকতোশের বিপক্ষে মাঠে নামার আগে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই। আগামী বৃহস্পতিবার  নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে তাজিকিস্তান লিগের সাবেক চ্যাম্পিয়ন সিএসকেএ পামির দুশানবের মুখোমুখি হবে জেমি ডে’র দল।

জাতীয় দলের হয়েও

গোল চান জীবন

এদিকে দেশের শীর্ষস্থানীয় স্ট্রাইকারদের একজন নাবীব নেওয়াজ জীবন জানিয়েছেন এবার জাতীয় দলের হয়ে গোল করতে চান তিনি। বিডিনিউজকে তিনি বলেন এতদিন ক্লাবের হয়ে যা করেছেন, সেটা এবার জাতীয় দলের হয়ে করতে চান।

জীবন ওয়েব সাইটটিকে বলেন,‘লক্ষ্য একটাই, জাতীয় দলের হয়ে গোল করতে চাই। ক্লাবের হয়ে যেটা করেছি জাতীয় দলেও সেটা করতে চাই। সেরাটা দিতে চাই। বিশ্বকাপ বাছাইয়ে এখনো গোল পাইনি। তাই নিজের ভেতরে গোল পাওয়ার তাড়াটা খুব বেশি। গোল পাওয়াটাই এখন স্বপ্ন এবং আমি এই স্বপ্নটা সত্যি হতে দেখতে চাই।’

স্ট্রাইকারটি গত মৌসুমে প্রিমিয়ার লিগে আবাহনীর রানার্সআপ হওয়ার পথে ১৬ গোল করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সে তুলনায় দেশের জার্সিতে নৈপুণ্য অতটা জোরালো নয় তার। এ  ব্যর্থতা ঘোচাতে বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে আফগানিস্তানের বিরুদ্ধে ১০ সেপ্টেম্বর দুশানবেতে অনুষ্ঠিতব্য খেলাটিকে কাজে লাগাতে চান তিনি।

এ প্রসঙ্গে বিডিনিউজকে ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড জানান এ ব্যাপারে কোচের সঙ্গে ফিনিশিং নিয়ে আলাদাভাবে কাজ করবেন। তিনি বলেন,‘এদিকে আমাকে বেশি মনোযোগ দিতে হবে। গোল কিভাবে করা যায়, সহজ সুযোগগুলো যেন মিস না করি—এসব নিয়ে কোচের সঙ্গে নতুন করে কাজ করব।’

উল্লেখ্য, ফিফা র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের অবস্থান ১৪৯তম। বাংলাদেশ ১৮২তম। দুই দলের সর্বশেষ দেখায় ২০১৫ সালের সাফ চ্যাম্পিয়নশিপে আফগানিস্তানের কাছে ৪-০ গোলে হেরেছিল বাংলাদেশ দল।