কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় মাদক মামলায় দুই আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের খেজমতের ছেলে রুবেল (২১) ও একই গ্রামের মৃত মসলেম মণ্ডলের ছেলে ভাংগন মণ্ডল (২২)।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১৯ অক্টোবর জেলার দৌলতপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানকালে ৮০০ গ্রাম হেরোইনসহ মোহাম্মদপুর গ্রামের রুবেল ও ভাংগন মণ্ডলকে হাতেনাতে আটক করা হয়। দৌলতপুর থানার তদন্তকারী পুলিশ কর্মকর্তা গত বছরের ২৭ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতে চার্জ গঠনের পর সাক্ষ্য-প্রমাণে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন।
সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, আদালতে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিরা দোষীসাব্যস্ত হওয়ায় বিচারক ঐ রায় দেন।
