স্টাফ রিপোর্টার, দিনাজপুর অফিস
দিনাজপুরে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে অবৈধভাবে আমদানিকৃত বাক্সবন্দি দানাদার, পাউডার ও তরল আকারে প্রস্তুতকৃত সাপের বিষ উদ্ধার করেছে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকায় রুহুল আমীন নামে এক পল্লি চিকিত্সককে আটক করা হয়েছে।
রবিবার শহরের ১০ নম্বর উপশহর এলাকা থেকে এসব বিষ উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতকে আটক করা হয়। রুহুল আমীন বিরামপুর উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত বসির উদ্দিনের ছেলে।
র্যাব-১৩, দিনাজপুর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ এর অধিনায়ক মেজর সৈয়দ ইমরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ১০ নম্বর উপশহর এলাকায় অভিযান চালায়। এ সময় পল্লি চিকিত্সক রুহুল আমীনের চেম্বার থেকে অবৈধভাবে আমদানিকৃত বাক্সবন্দি অবস্থায় দানাদার, পাউডার ও তরল আকারে প্রস্তুতকৃত সাপের বিষ যার ওপরে COBRA S.P MADE IN FRANCE লিখিত ছয়টি জার উদ্ধার করা হয়। এ ঘটনায় পল্লি চিকিত্সক রুহুল আমীনকে আটক করে নিয়ে আসা হয়।
উদ্ধারকৃত সাপের বিষের মূল্য প্রায় ৫০ কোটি টাকা জানিয়ে তিনি বলেন, র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুহুল আমীন তার অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
