২৫ দিনেও গ্রেফতার হয়নি মামলার মূল আসামি

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২১:১১

রায়পুরে সৈয়দ হত্যা

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

রায়পুরে সৈয়দ আহম্মদ (৩০) হত্যার ২৫ দিন পেরিয়ে গেলেও মূল আসামিরা গ্রেফতার হয়নি। এদিকে বিভিন্নভাবে মামলা তুলে নিতে বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে উদ্বিগ্ন রয়েছে ছৈয়দ আহাম্মদের পরিবার।

নিহতের মা ও মামলার বাদী রানী বেগম বলেন, ঘাতকরা তাকে চোখে চোখে রাখছে। কোথাও বের হলেই বিভিন্ন লোকজন দিয়ে হুমকি দিচ্ছে। তিনি বলেন, বাড়ির সামনে একটি মসজিদ নির্মাণের টাকা উত্তোলন নিয়ে  গত ৬ আগস্ট রাতে আব্দুল মালেকের ছেলে জাহেদ ও খালেক আমার ছেলে সৈয়দকে পথরোধ করে হাতুড়ি ও ইট দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

রায়পুর থানার ওসি (তদন্ত) সিপন বড়ুয়া জানান, মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে। তবে এজাহারে চার জন আসামির বর্ণনা রয়েছে। আমরা দুই জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে রিমান্ডে এনে কিছু তথ্য নিয়েছি। অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।