২৮ দিন পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২১:১১

বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা

আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য সিলেটের বিশ্বনাথে দাফনের ২৮ দিন পর কবর থেকে গতকাল সোমবার সকালে আয়ফুল বেগম নামের এক গৃহবধূর লাশ উত্তোলন করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা। আয়ফুল বেগম উপজেলার রামপাশা ইউনিয়নের দোহাল গ্রামের মৃত ফজর আলীর স্ত্রী। গত ৩ আগস্ট রাতে তিনি তার বসতঘরে মারা যান। পরদিন তাকে দাফন করা হয়। আয়ফুলকে হত্যার অভিযোগ এনে গত ৭ আগস্ট তার বড়ো মেয়ে নাসিমা বেগম থানা পুলিশের কাছে অভিযোগ করেন।

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মূসা বলেন, আয়ফুলকে হত্যার অভিযোগে একই গ্রামের নুরউদ্দিন, মখলিছ আলী ও ইলিয়াস আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। আয়ফুল বেগমকে ঘুমের ট্যাবলেট খাইয়ে গলা টিপে হত্যা করা হয়েছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে আটক নূরউদ্দিন। দাফনের চার দিন পর আয়ফুল বেগমকে হত্যার অভিযোগে নুরউদ্দিনকে আসামি করে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের মেয়ে।