ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভায়না ইউনিয়নের হরিয়ারঘাট গ্রামে বাঁশ কাটা নিয়ে তর্ক-বিতর্কের জেরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে এক যুবক নিহত হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত যুবক তরিকুল ইসলাম ঐ গ্রামের জামির উদ্দিনের ছেলে। ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে বাঁশ কাটাকে কেন্দ্র করে তরিকুল ইসলামের সঙ্গে চাচাতো ভাই হাবিবুল ইসলামের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাবিবুল লাঠি দিয়ে তরিকুল ইসলামের মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে তরিকুল ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর থেকে ঘাতক হাবিবুল ইসলাম পলাতক রয়েছে।
