কর্ণফুলিকে বাঁচান

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩২

চট্টগ্রামের প্রাণ কর্ণফুলি নদীটি যেন এখন লাইফ সাপোর্টে আছে। নদী ভরাট করে নদীর পাশে গড়ে তোলা হচ্ছে একের পর এক অবৈধ স্থাপনা। মহামান্য হাইকোর্টের নির্দেশে উচ্ছেদ অভিযান শুরু হলেও বাস্তবে তা ছিল চোখে ধুলো দেওয়া। রাঘব বোয়ালদের স্থাপনাগুলো বহাল তবিয়তেই আছে। নামকাওয়াস্তে কিছু চুনোপুঁটির ঘর-বাড়ি উচ্ছেদ করা হয়, যা এখন আবার দখল করা হয়েছে। উচ্ছেদ অভিযানে সাধারণ মানুষ আশায় বুক বেঁধেছিল এবার কর্ণফুলি ভূমিদস্যুদের কবল থেকে রক্ষা পাবে। না তা আর হলো কয়। মাঝপথে কী এক অজুহাত খুঁজে তা বন্ধ করে দেওয়া হয়। কর্ণফুলির দুপাড় সংকুচিত হতে হতে এখন তার মরণ দশা। এর ওপর শিল্প কারখানার দূষিত রাসায়নিক বর্জ্যসমূহও ফেলা হয় এই নদীতে। একসময় কর্ণফুলিতে ডলফিন দেখা গেলেও এখন আর চোখে পড়ে না। নদী অনাব্য হয়েছে অনেকাংশে। তার জন্য জাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে। এজন্য কার্যকর ড্রেজিং ও দু ধারে উচ্ছেদাভিযান চালু করে মহামান্য হাইকোর্টের রায় কার্যকর করুন। কর্ণফুলিকে বাঁচান। কর্ণফুলি বাঁচলে বাঁচবে চট্টগ্রাম। এ বিষয়ে  সংশ্লি­ষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।

সিরাজুল মুস্তফা, চট্টগ্রাম