বাংলাদেশ ও ভারতীয় শিল্পীদের সেতুবন্ধন শিল্পের আশ্রয়

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৫

ইত্তেফাক রিপোর্ট

শিল্পের আশ্রয়ে বাংলাদেশ ও ভারতের শিল্পীদের সেতুবন্ধ রচিত হলো আলিয়ঁস ফ্রঁসেজে আয়োজিত প্রদর্শনীতে। উভয় দেশের শিল্পীদের শিল্পকর্ম নিয়ে গতকাল সোমবার আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে ‘সিম্ফনি’ শীর্ষক দলীয় চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন অল ইন্ডিয়া ফাইন আর্টস অ্যান্ড ক্রাফটস সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক বিমান বিহারী দাস, বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ এবং লেখক অধ্যাপক নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক অলিভিয়ে দঁতজে।

প্রদর্শনীতে স্থান পেয়েছে বাংলাদেশ ও ভারতীয় শিল্পীদের বিভিন্ন শিল্পকর্ম। যাতে উভয় দেশের লোকজ থিম ও ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীবৃন্দ হলেন—ভারতের অধ্যাপক বিমান বিহারী দাস, জয়দেব বালা, নিশি শর্মা, সিমরান কাওয়ালজিত্ সিং লাম্বা এবং সুব্রত ঘোষ আর বাংলাদেশের নূরুন্নাহার পাপা, এলহাম হক খুকু ও জেবুন্নাহার নাঈম। ভারতের পদ্মশ্রী পদকে ভূষিত শিল্পী বিমান বিহারী দাসের ব্রোঞ্জ এবং মার্বেলের ভাস্কর্য ও অ্যাক্রিলিকে আঁকা চিত্রকর্মগুলো প্রদর্শনীতে স্থান পেয়েছে। নূরুন্নাহার পাপা তার শিল্পকর্ম প্রদর্শন করবেন, যা একই সঙ্গে ওরিয়েন্টাল ধাঁচ ও আধুনিক নকশার ফিউশন। এলহাম হক খুকু বিশেষভাবে অনুসরণ করেন বাংলাদেশের সংস্কৃতি ও সামাজিক দিকগুলো। জেবুন্নাহার নাঈম তার মোটিফগুলোকে সামাজিক প্রতীকরূপে ব্যবহার করেন এবং সৃষ্টি করেন বাস্তব, অধিবাস্তব এবং বিমূর্ত শিল্পকর্ম। সুব্রত ঘোষ তার শিল্পসৃষ্টির জন্য চিত্রশিল্পের মহান ঐতিহ্য এবং ক্লাসিক যুগের ভাস্কর্যগুলোর দিকে পেছন ফিরে তাকান। জয়দেব বালার কাজ তার ভারতীয় ঢঙে ছবি আঁকার ধাঁচের জন্য সুপরিচিত, বেশিরভাগ শিল্পকর্মেরই থিম এবং কাজের ধরন আধুনিক। সিমরান কাওয়ালজিত্ সিং লাম্বার মিশ্র মাধ্যমের কাজগুলো ড্রাই প্যাস্টেল, গলিত তার আর তরল আলকাতরা দিয়ে সৃষ্ট। নিশি শর্মা তার ব্যক্তিগত গহনসঞ্চারী অভিজ্ঞতা আর জগত্জীবনের পরিবর্তনশীল অভিজ্ঞতাগুলোকে সরাসরি তার বিষয় করে নেন বিমূর্ত ঘরানায়।

সবার জন্য উন্মুক্ত প্রদর্শনীটি চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রবিবার সাপ্তাহিক বন্ধ।