১৭৪ কোটি টাকা আত্মসাত্
ইত্তেফাক রিপোর্ট
প্রতারণা ও জাল দলিলপত্র দিয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল)-এর প্রায় ১৭৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির দুই কর্মকর্তাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন।
মামলার আসামিদের মধ্যে বিডিবিএলের দুই কর্মকর্তা হলেন—বিডিবিএল প্রিন্সিপাল শাখার সাবেক জেনারেল ম্যানেজার সৈয়দ নুরুর রহমান কাদরী ও সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) দীনেশ চন্দ্র সাহা। আর অন্য ৯ আসামি হলেন—এমএম ভেজিটেবল অয়েল প্রোডাক্টস লিমিটেডের চেয়ারম্যান মো. হেফাজেতুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন, পরিচালক কফিল উদ্দিন, শফিক উদ্দিন, লুসিডা ট্রেডিংয়ের মালিক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, মেসার্স গ্লোব ইন্টারন্যাশনালের মালিক মো. মাহবুবুল আলম।
মামলার এজাহারে বলা হয়, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) প্রিন্সিপাল শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা জাল ডকুমেন্ট ও বেনিফিসিয়ারি প্রতিষ্ঠানের বাস্তব অস্তিত্ব আছে কি না, তা যাচাই না করে প্রতারণার আশ্রয় নিয়েছে। জাল নথিপত্র জেনেও আসামিরা ক্ষমতা অপব্যবহার করে নিজেরা লাভবান হয়ে উক্ত গ্রাহকগণকে লাভবান করার হীন উদ্দেশ্যে বিডিবিএল হতে মোট ১৭৪ কোটি টাকা আত্মসাত্ করেছেন। একই সঙ্গে আত্মসাত্ করা ঐ অর্থের হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে আত্মসাত্/পাচার করেছেন। যা মানিলন্ডারিং আইনে শাস্তিযোগ্য অপরাধ।
