ভাণ্ডারিয়া সদরে স্কুলছাত্রী রুকাইয়া আক্তার রুপার আত্মহত্যার ঘটনায় মামলার প্রধান আসামি তামিম খান (১৮) রিমান্ডে পুলিশের কাছে ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এদিকে, এ মামলার ২ নম্বর আসামি রাইয়ান (২০) গতকাল সোমবার পিরোজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেছে। ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদুর রহমান জানান, তামিম জিজ্ঞাসাবাদে রুপাকে উত্ত্যক্ত করাসহ রাস্তা-ঘাটে চলাফেরার সময় নানা অশ্লীল উক্তি করত বলে স্বীকার করেছে। এসব কর্মকাণ্ডে মামলার অন্য আসামিসহ আরো কিছু বন্ধু-বান্ধব সহযোগিতা করেছে। রুপার একটি আপত্তিকর ছবি তার মোবাইলে কী করে এলো সে সম্পর্কে তামিম জানিয়েছে যে, ইরিন নামে রুপার সহপাঠী ও এ মামলার ৩ নম্বর আসামি ছবিটি সরবরাহ করে। তামিমকে গ্রেফতারের পর তার কাছ থেকে একটি স্মার্ট ফোন জব্দ করেছে পুলিশ। ফোনে কী রয়েছে তা এই মুহূর্তে তদন্তের স্বার্থে জানানো যাবে না বলে জানান তিনি।
গতকাল দক্ষিণ ভাণ্ডারিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. রাইয়ান পিরোজপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে। সিনিয়র অ্যাডভোকেট আহসানুল কবির বাদল রাইয়ানের পক্ষে আবেদনে বলেন, জন্ম সনদ অনুযায়ী তার মক্কেল শিশু এবং বয়স ১৬ বছর। আসামি নিরপরাধ ও ষড়যন্ত্রের শিকার। জামিনে বিরোধিতা করে পাবলিক প্রসিকিউটর খান মো. আলাউদ্দিন রাইয়ানের রিমান্ড আবেদন করেন। রাইয়ান শিশু বলে বিচারক মামলাটি সংশ্লিষ্ট শিশু আদালতে স্থানান্তরের নির্দেশ দেন। শিশু আদালতের বিচারক আজ মঙ্গলবার আসামির রিমান্ড আবেদনের শুনানির তারিখ ধার্য করেছেন।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানিয়েছেন, মামলার এজাহারভুক্ত ও অজ্ঞাত পলাতক আসামিদের অবস্থান নির্ণয় করার চেষ্টা চলছে এবং দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তামিম খান বখাটে হলো কেন?
তামিম খান লেখাপড়ার সাথে সম্পর্কহীন একটি বখে যাওয়া তরুণ। স্থানীয়ভাবে একটি প্রভাবশালী পরিবারের সন্তান হওয়ায় তার আচার-আচরণ ছিল বেপরোয়া। ভাণ্ডারিয়ার বিহারী মাধ্যমিক বিদ্যালয় থেকে গত বছর এসএসসি নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়েছিল। যদিও সে আমানউল্লা কলেজ বা মাটিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র হিসেবে পরিচয় দেয়। কিন্তু কোনো শিক্ষাপ্রতিষ্ঠানই স্বীকার করেনি সে তাদের ছাত্র। তামিম লেখাপড়ায় অনিয়মিত হয়ে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে এবং এলাকায় বখাটেপনা শুরু করে। সম্প্রতি ভাণ্ডারিয়ায় ছাত্রলীগের গ্রুপিংয়েও তাকে এক পক্ষে তত্পর দেখা যায়।
