মাদকের টাকা না পেয়ে মাকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৯

বগুড়ার ধুনটে মাদক কেনার টাকা না পেয়ে এক যুবক তার মায়ের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে মাকে হত্যা করেছে। নিহত মায়ের নাম খুকি বেগম (৬৫)। মারাত্মক আহতাবস্থায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রবিবার রাতে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চিকাশি ইউনিয়নের গজারিয়া গ্রামে মাদকাসক্ত সোহানুর রহমান ওরফে খোকন প্রায় প্রতিদিনই ভয়ভীতি দেখিয়ে তার মা-বাবার কাছ থেকে মাদক কেনার টাকা নিত। এরই ধারাবাহিকতায় রবিবার বিকেলেও সে টাকা দাবি করলে তারা তা দিতে অস্বীকার করেন। এতে সোহানুর ক্ষেপে গিয়ে একপর্যায়ে মা-বাবার ওপর হামলা চালান। এ সময় সোহানুরের ভয়ে তার বাবা বাড়ি ছেড়ে পালান। তখন সোহানুরের বৃদ্ধ মা খুকি বেগমকে ধরে ঘরের মধ্যে এনে খাটের সঙ্গে হাত-পা বেঁধে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় খুকি বেগমের চিত্কারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে সোহানুরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। রাত সাড়ে আটটার দিকে হাসপাতালে নেওয়ার আগেই খুকির মৃত্যু হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, মাদকের টাকা না পেয়ে সোহানুর রহমান তার মায়ের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। আগুনে খুকি বেগমের শরীরের ৭০ থেকে ৮০ শতাংশ পুড়ে যাই। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। আটক সোহানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।