ব্যক্তিগত আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এরা হলেন, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সেলিম রেজা ও সাবিকুন নাহার অমি। গত রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করেন বরিশাল বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির সদস্যরা।
ববি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সবুর জানান, এক মেয়ের ব্যক্তিগত গোপনীয় ভিডিও ইন্টারনেটে ছাড়ায় দুই জন শিক্ষার্থীকে বেশ কয়েকজন মিলে মারধর করার চেষ্টা করে। তখন ওই দুই জনকে নিরাপত্তার জন্য পুলিশ ফাঁড়িতে নিয়ে আসি। তবে তাদের গ্রেফতার করা হয়নি। উপাচার্য ও প্রক্টরকে ঘটনাটি জানিয়েছি। তারা ভিকটিম ও পুলিশি হেফাজতে থাকা দুই শিক্ষার্থীকে নিয়ে আলোচনায় বসবেন। ভিকটিম যদি অভিযোগ করে মামলা করেন তাহলে তাদের গ্রেফতার করা হবে।
