পঞ্চবটীতে প্লাস্টিক ও পলিথিন থেকে ডিজেল ও পেট্রোল উত্পাদন প্রকল্প

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:১০

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে মেগা অর্গানিক বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত প্লাস্টিক ও পলিথিন হতে ডিজেল ও  পেট্রোল উত্পাদন প্রকল্প উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভী। গতকাল সোমবার পঞ্চবটিস্থ কম্পোস্ট প্লান্টে (জৈব সার উত্পাদন কেন্দ্রে) এ উদ্বোধনী অনুষ্ঠান হয়। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এফ এম এহতেশামূল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মেয়র ডাঃ সেলিনা হায়াত্ আইভী। অনুষ্ঠানে মেয়র আইভী বলেন, জ্বালানি তেল উত্পাদনের প্রকল্প একবারে নতুন নয়। এর আগেও এমন প্রকল্প শুরু হয়েছিল।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম অনুদান প্রদানের মাধ্যমে এই প্রকল্পের কার্যক্রম শুরু করেন। তিনি বলেন, প্লাস্টিক ও পলিথিন শহরে জলাবদ্ধতা সৃষ্টির অন্যতম কারণ। এই প্রকল্প সফলভাবে চলমান থাকলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫০ ভাগেরও বেশি পলিথিন জ্বালানি তেল উত্পাদনে ব্যবহূত হবে। ফলে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা নিশ্চিতসহ জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে। তাই সিটি করপোরেশনের সকল কাউন্সিলরের দায়িত্ব হবে নিজ নিজ ওয়ার্ডে পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি এই প্রকল্পে প্লাস্টিক পলিথিন সরবরাহ করে শহরকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করা।

এর আগে মেগা অর্গানিক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান জানান, জ্বালানি তেল উত্পাদন প্রকল্পে প্রতিদিন প্রায় ৫০০ কেজি প্লাস্টিক পলিথিন হতে ডিজেল, পেট্রোল, অকটেন ও কার্বন উত্পাদিত হবে, যার পরিমাণ পরবর্তিতে প্লাস্টিক পলিথিনের প্রাপ্যতা সাপেক্ষে আরো বৃদ্ধি করা হবে। তিনি আরো বলেন, প্রতিকেজি পলিথিন ও প্লাস্টিক তিনি মান অনুযায়ী ২০  থেকে ৩০ টাকা কেজি দরে কিনে নিবেন। আলোচনা পর্ব শেষে মিলাদ মাহ্ফিল, দোয়া মোনাজাত ও ফলক উম্মোচন করে মেয়র অতিথিদের নিয়ে জ্বালানি তেল উত্পাদন প্রকল্প পরিদর্শন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, মেগা অর্গানিক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান, পরিবেশ আন্দোলন নারায়ণগঞ্জ এর সভাপতি এবি সিদ্দিক, প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম, সংরক্ষিত কাউন্সিলর মনোয়ারা বেগম, আয়শা আক্তার দিনা, হোসনে আরা বেগম, নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম, মেডিক্যাল অফিসার ডা. শেখ মোস্তফা আলী প্রমুখ।