ঘরে বৃষ্টির পানি সেচতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:১২

টঙ্গীর পূর্ব আরিচপুর মদিনাপাড়ায় বাড়ির ভেতর জমে থাকা বৃষ্টির পানি সেচতে গিয়ে রায়হান (২৪) নামে এক যুবক বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছেন। গত রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত রায়হান স্থানীয় ডেকোরেটর ব্যবসায়ী হেলাল উদ্দিন বাবুর্চির ছেলে।

জানা যায়, রাত দেড়টার দিকে টঙ্গীতে মুষলধারে বৃষ্টি শুরু হয়। প্রায় দেড় ঘণ্টার বৃষ্টির পানিতে এলাকার অধিকাংশ বাড়িতেই প্রায় দুই ফুট পানি জমে যায়। রায়হান ইলেকট্রিক মোটর দিয়ে নিজ বাড়িতে জমে থাকা পানি সেচতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে গুরুতর আহতাবস্থায় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক রায়হানকে মৃত ঘোষণা করেন। রায়হান চলতি বছর ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং ফাইনাল পরীক্ষা দিয়েছিলেন।

এলাকাবাসী ক্ষোভের সঙ্গে জানান, অপ্রতুল ও ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থার কারণেই রায়হানের এই করুণ মৃত্যু। গাজীপুর সিটি করপোরেশন টঙ্গী অঞ্চলে ভাঙাচোরা রাস্তাঘাট এবং ড্রেনগুলো সংস্কার না করলে এ ধরনের দুর্ঘটনা আরো ঘটবে।