সোনারগাঁওয়ে সুতা ব্যবসায়ীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:১৩

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে লিজকৃত পুকুর নিয়ে বিরোধে এক সুতা ব্যবসায়ীকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সকালে বারদী ইউনিয়নের রঘুনাথপুর পুকুরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী হাজি আনোয়ার হোসেনকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি বাদী হয়ে সোমবার বিকেলে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের রঘুনাথপুর পুকুরপাড় গ্রামের মৃত সালাম মিয়ার ছেলে শরীফের সঙ্গে পার্শ্ববর্তী বাড়ির হাজি জয়নাল আবেদীনের ছেলে সুতা ব্যবসায়ী হাজি আনোয়ার হোসেনের সঙ্গে দুটি লিজকৃত পুকুর নিয়ে বিরোধ চলে আসছে। একটি পুকুরে শরীফ গতকাল সকালে জোরপূর্বক মাছ চাষ করতে গেলে হাজি আনোয়ার হোসেন তাকে বাধা দেন। এ সময় ক্ষিপ্ত হয়ে শরীফের নেতৃত্বে পাঁচ-সাত জনের একটি দল লাঠিসোঁটা, দা, লোহার রড নিয়ে হাজি আনোয়ার হোসেনের ওপর হামলা করে। তারা হাজি আনোয়ারকে পিটিয়ে হত্যার চেষ্টা করে। এক পর্যায়ে ব্যবসায়ী হাজি আনোয়ার হোসেনের চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান জানান, সুতা ব্যবসায়ী আনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।