চট্টগ্রামে অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২১:৪২

চট্টগ্রাম অফিস

নগরীর সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডে অভিযান চালিয়ে অস্ত্রসহ মো. সুমন প্রকাশ বেলাল প্রকাশ কালু (২৩) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমন কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকার আবদুল মোতালেবের পুত্র।

পুলিশ জানায়, সুমন একজন পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড

নগরীর বায়েজিদ বোস্তামীর রুবি গেইট এলাকায় সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি প্লাস্টিক কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল শনিবার দুপুরে এস আলম প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের উত্পত্তি হয়। এ সময় খবর পেয়ে দু’টি অগ্নিনির্বাপক গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।