নবাবগঞ্জে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:১৪

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনায় বাগমারা বাজারের এক ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা এবং এ ঘটনায় পুলিশ মামলা না নেওয়ায় ও সন্ত্রাসীদের গ্রেফতার না করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ব্যবসায়ীরা।  

ঢাকা-বান্দুরা আঞ্চলিক প্রধান সড়কে সোমবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত বাগমারা বাজার বণিক সমিতি ও কয়েকশ ব্যবসায়ী এ বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। বণিক নেতারা সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও পুলিশ মামলা না নেওয়ায় উপজেলা প্রশাসনের কাছে জবাব চেয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। এতে সড়কে প্রায় এক ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে ব্যবসায়ীদের সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে তারা সড়ক থেকে সরে যান। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় এক দল সন্ত্রাসী বাগমারা বাজারের ইলেকট্রনিক্স ব্যবসায়ী মো. সজীবের (২৮) ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে। সজীবকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে চিকিত্সা দেওয়া হচ্ছে।

আহতের ছোটো ভাই রাজীব বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দীঘিরপাড়ের লিটনের নেতৃত্বে সজল ওরফে কালা সজল, বাঁধন, মাহবুব ও আকাশসহ ২০/২৫ জনের সন্ত্রাসী বাহিনী শনিবার সন্ধ্যায় আমাদের ব্যবসাপ্রতিষ্ঠানে এসে আমার এক চাচাতো ভাইকে মারধর করে টেনেহিঁচড়ে নিয়ে যেতে চাইলে আমার বড়ো ভাই তাদের বাধা দেন। তখন সন্ত্রাসীরা আমার ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এসময় আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা চলে যায়। রাতেই আমরা থানায় মামলা করতে গেলে কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা জানান, আপনারা যাদের বিরুদ্ধে মামলা করতে এসেছেন তারা আপনাদের বিরুদ্ধে আগেই থানায় এসে একটি অভিযোগ দিয়ে গেছেন। পরে পুলিশ আমাদের মামলা না নিয়ে একটি অভিযোগ নেন। লিখিত অভিযোগ করার দুই দিন অতিবাহিত হওয়ার পরও পুলিশ হামলায় জড়িত কোনো সন্ত্রাসীকে গ্রেফতার করতে পারেনি।