বিমানবাহিনী প্রধানের সঙ্গে ভারতীয় বিমান বাহিনীর এওসি-ইন-সি ইস্টার্ন এয়ার কমান্ডের সৌজন্য সাক্ষাত্

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:১৪

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের সঙ্গে গতকাল সোমবার বিমানবাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাত্ করেছেন বাংলাদেশে সফররত ভারতীয় বিমানবাহিনীর ইস্টার্ন এয়ার কমান্ডের এওসি-ইন-সি এয়ার মার্শাল রাজিব দয়াল মাথুর। সাক্ষাত্কালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

এওসি-ইন-সি ইস্টার্ন এয়ার কমান্ড সস্ত্রীক ও একজন সফরসঙ্গীসহ রবিবার চার দিনের এক সরকারি সফরে বাংলাদেশে আসেন। ভারতীয় বিমানবাহিনীর ইস্টার্ন এয়ার কমান্ডের এওসি-ইন-সির এই সফর দুই দেশের বিমানবাহিনীর মধ্যকার সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।