ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত এক

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:১৫

ময়মনসিংহ নগরীর বাদেকল্পায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ খলিল (৩৭) নামে একজন নিহত হয়েছেন। সে ফুলবাড়িয়ার বাঁশচালার মৃত জলিল মিয়ার ছেলে। রবিবার রাতে শহরের মাসকান্দা বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, খলিল ইজিবাইক চোর চক্রের সক্রিয় সদস্য ছিল। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ জানান, রাতে ময়মনসিংহ নগরীর বাদেকল্পা এলাকায় কিছু আন্তঃজেলা অটোরিকশা চোরের সদস্যরা চোরাই অটোরিকশা কেনাবেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর চক্রের সদস্যরা গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে চোর চক্রের সদস্যরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় খলিলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দুটি অটোরিকশা ও একটি দেশি পাইপগান উদ্ধার করা হয়েছে। খলিল আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে থানায় আটটি মামলা রয়েছে।