চট্টগ্রামে বন্দুকযুদ্ধে আহত সন্ত্রাসী ওসমান মারা গেছে

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:১৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পাহাড়ি এলাকায় দুই দল অস্ত্রধারী সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধে আহত কুখ্যাত সন্ত্রাসী মো. ওসমান মারা গেছে। আহত ওসমান রবিবার  দিবাগত রাত ১০টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। গতকাল সোমবার সকালে পুলিশ ওসমানের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সে ডাকাতি-অস্ত্রসহ কমপক্ষে ১০টি মামলার আসামি। গুলিবিদ্ধ ওসমানকে গত শনিবার চমেক হাসপাতালে আনা হলে চিকিত্সাধীন অবস্থায় পুলিশ তাকে গ্রেফতার করেছিল।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, রবিবার দিবাগত রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ওসমানের মৃত্যু হয়।

জেলা পুলিশ সূত্র জানায়, গত ৩১ আগস্ট শনিবার সকালে গুলিবিদ্ধ ওসমানকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মো. ওসমান (৩০) রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মো. আবুল কালামের ছেলে। গত শনিবার ভোরে সরফভাটা এলাকায় বন বিভাগের পাহাড়ে দুই দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এতে গুলিবিদ্ধ অবস্থায় ওসমানকে তার সহযোগীরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পাওয়ার পর হাসপাতাল ফাঁড়ি পুলিশের সহযোগিতায় তাকে জেলা পুলিশের  হেফাজতে নেওয়া হয়।