মালদ্বীপে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘চতুর্থ সাউথ এশিয়ান স্পিকার্স সামিট’ এর সমাপনী দিনে গতকাল সোমবার সর্বসম্মতিক্রমে মালে ঘোষণা গৃহীত হয়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) লক্ষ্যসমূহ অর্জনে অংশগ্রহণকারী দেশ আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, পাকিস্তান ও শ্রীলঙ্কার সংসদসমূহকে সম্পৃক্ত করতে কার্যকর ও লক্ষ্যভিত্তিক ১১টি সুপারিশমালাসহ এই ঘোষণায় গ্রহণ করা হয়। গতকাল সম্মেলনের শেষ দিনে ‘ক্যাটালাইজিং দ্য গ্লোবাল এজেন্ডা অন ক্লাইমেট চেঞ্জ-ওভারকামিং চ্যালেঞ্জেস অ্যান্ড ইউটিলাইজিং অপরচুনিটিজ টু স্ট্রেংনদ্যান দ্য রিজিওনাল এজেন্ডা ফর ডেলিভারিং অন দ্য প্যারিস অ্যাগ্রিমেন্ট’ সেশনে মডারেটরের দায়িত্ব পালন করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেশনে প্যানেল আলোচক হিসেবে ছিলেন মালদ্বীপ পার্লামেন্টের এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ কমিটির সভাপতি আহমেদ সালিম এমপি, নেপালের অ্যাটমোসফেয়ার ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্টের রিজিওনাল ম্যানেজার অরনিকো কুমার পান্ডে এবং ইউএনডিপি সদর দপ্তরের ইনক্লুসিভ পলিটিক্যাল প্রসেস টিম লিডার চার্লস চ্যাওভেল।
সেশনে এ অঞ্চলে প্যারিস চুক্তির ভবিষ্যত্ বাস্তবায়নের গতি এবং এর সফল বাস্তবায়নে আইনগত বিচ্যুতিসমূহ দূর করার কর্মপরিকল্পনা ও সঠিক বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। এছাড়াও সেশনে আঞ্চলিক দায়বদ্ধতার জন্য সংসদসমূহের ভূমিকা শক্তিশালীকরণ, জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ ও স্বাস্থ্যের মধ্যে পারস্পরিক সমন্বয় সাধন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং বিদ্যমান দুর্যোগ ঝুঁকি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ও ইকোসিস্টেম বিষয়ে আলোচনা হয়।
