ভারতে বিটিভির সম্প্রচার শুরু

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:২৫

বহুল প্রতীক্ষিত রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের আনুষ্ঠানিক সম্প্রচার ভারতে শুরু হয়েছে। দূরদর্শন ডিটিএইচের মাধ্যমে বিটিভির রামপুরা ভবন থেকে গতকাল সোমবার পৌনে ৪টায় সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। প্রথমবারের মতো বাংলাদেশ টেলিভিশন সম্প্রচার শুরু হলো। দুই দেশের মানুষের সংস্কৃতি খুব কাছাকাছি। বিশেষ করে কলকাতার সঙ্গে নৈকট্য রয়েছে। ভারতে বিটিভি প্রচারের মধ্য দিয়ে দুই দেশের নৈকট্য আরো বাড়বে।

তথ্য সচিব আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস। রীভা গাঙ্গুলি দাস বলেন, এমন পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যকার সাংস্কৃতিক বন্ধুত্ব আরো দৃঢ় হবে। বিটিভির মহাপরিচালক হারুন অর রশিদ বলেন, ভারত জুড়ে পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়েছে। দিনরাত ২৪ ঘণ্টা সম্প্রচার কার্যক্রম চলবে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।