দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, বাংলাদেশ সরকার দুর্নীতি সংক্রান্ত বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। ফলে দুর্নীতির যে কোনো ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। গতকাল সোমবার অস্ট্রিয়াতে অনুষ্ঠিত ‘রিভিউ অব দ্য ইমপ্লিমেন্টেশন অব দ্য ইউনাইটেড ন্যাশনস কনভেনশন এগেইনেস্ট করাপশন’-এর দশম সেশনে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশ দুর্নীতিবিরোধীে এই কনভেনশনের অঙ্গীকার বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে দুদক দুর্নীতিবিরোধী অভিযানের বহুমুখী কর্মতত্পরতা বাড়িয়েছে। কমিশন নতুন সাংগঠনিক কাঠামো গ্রহণ করেছে, যা পূর্ববর্তী সাংগঠনিক কাঠামোর প্রায় দ্বিগুণ। এছাড়া কমিশন সম্পদ ব্যবস্থাপনা ইউনিট, তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং প্রশিক্ষণ অনুবিভাগ স্থাপন করেছে।
দুদক চেয়ারম্যান বলেন, সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে দুদক দেশব্যাপী গণশুনানি কার্যক্রম পরিচালনা করছে। জনগণ দুর্নীতির বিরুদ্ধে যেমন তাদের কণ্ঠ উচ্চকিত করতে পারছে, পাশাপাশি সরকারি কর্মকর্তাদের দায়বদ্ধতা সৃষ্টি হচ্ছে।
