বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা
বড়লেখায় ব্যবসায়ীর ছিনতাই হওয়া ১০ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। ছিনতাই হওয়ার ৪ ঘণ্টার মধ্যেই অভিযানে টাকা উদ্ধার ও ঘটনার সাথে জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে থানা পুলিশ। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহূত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তালিমপুর এলাকায় ছিনতাইয়ের এই ঘটনাটি ঘটে। ছিনতাইয়ের শিকার ব্যবসয়ীর নাম জুনেদ আহমদ। তিনি বড়লেখা বাজারের ব্যবসায়ী। গ্রেপ্তারকৃত দুই ছিনতাইকারী হচ্ছেন— তালিমপুর ইউনিয়নের তালিমপুর গ্রামের মঈনুল ইসলাম ওরফে ময়না মিয়ার ছেলে মো. মাহফুজ আলম ওরফে তুহিন (২১) ও উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে জাকারিয়া (২১)। ওই ব্যবসায়ী বাদি হয়ে থানায় আটককৃত দুজন ও অজ্ঞাতনামা আরো দুজনসহ চারজনের নামে মামলা করেছেন। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, আনুমানিক চারঘণ্টার অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া পুরো টাকাটাই উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুজনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
