কুমিল্লায় ফুটওভার ব্রিজ ব্যবহার না করে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২১:৪৪

দেশের অর্থনীতির লাইফ লাইনখ্যাত ঢাকা-চট্টগ্রাম ফোর লেন মহাসড়কের বিভিন্ন স্টেশন এলাকাসহ জনগুরুত্বপূর্ণ স্থানে নির্মিত ফুটওভার ব্রিজগুলোর অধিকাংশই যথাযথ ব্যবহার হচ্ছে না। এসব ফুটওভার ব্রিজ ব্যবহার না করে জীবনের ঝুঁকি নিয়ে শিশু থেকে বয়স্ক নারী-পুরুষসহ অধিকাংশ পথচারী মহাসড়ক পারাপার হচ্ছেন। এতে প্রায় সময় কোনো না কোনো স্থানে ঘটছে দুর্ঘটনা, বাড়ছে যানজট ও যাত্রীদের দুর্ভোগ-বিড়ন্বনা।

সরেজমিন ঘুরে দেখা গেছে, এ মহাসড়কের কুমিল্লার গৌরীপুর, ইলিয়টগঞ্জ, মাধাইয়া বাজার বাস স্টেশন, বাগুর বাস স্টেশন, ক্যান্টনমেন্ট, নন্দনপুর, পদুয়ার বাজার বিশ্বরোড, সুয়াগাজী, মিয়াবাজার, চৌদ্দগ্রাম পৌর এলাকার বাজারসহ বিভিন্নস্থানে ফুটওভার ব্রিজ রয়েছে। এসব এলাকার পথচারীদের বেশিরভাগ পথচারী ফুটওভার ব্রিজ ব্যবহার না করেই জীবন ঝুঁকি নিয়ে সড়কের এপাশ থেকে ওপাশে অনায়াসে পারাপার হচ্ছেন।

জানা যায়, মহাসড়কের কুমিল্লা অংশে নির্মিত ফুটওভার ব্রিজগুলোর সন্নিকটের অধিকাংশ স্থানে নিচু ডিভাইডার থাকায় এবং ডিভাইডারের উপরে কাঁটাতারের বেড়া না থাকায় ফুটওভার ব্রিজগুলো ব্যবহার করছে না পথচারীরা। মহাসড়কের জেলার বাগুর বাস স্টেশন এলাকায় প্রতি মিনিটে প্রায় ৪০-৫০ জন যাত্রী মহাসড়কের মধ্যবর্তী স্থানের এক ফুট উচ্চতার ডিভাইডারের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করে থাকে। উপজেলার মাধাইয়া বাস স্টেশন, পদুয়ারবাজার বিশ্বরোড, মিয়াবাজার, চৌদ্দগ্রাম বাজার এলাকার ফুটওভার ব্রিজগুলোরও একই অবস্থা। সম্প্রতি চৌদ্দগ্রাম বালিকা বিদ্যালয়ের এক ছাত্রী মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী গাড়ির নিচে চাপা পরে মারা যায়।

স্থানীয়রা জানান, চৌদ্দগ্রামের ফুটওভার ব্রিজটি যথাযথ স্থানে স্থাপন না করায় পথচারীরা তা ব্যবহার না করে ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হয়।

কুমিল্লা নাগরিক ফোরামের সভাপতি কামরুল আহসান বাবুল বলেন, ফুটওভার ব্রিজের ২০ থেকে ৫০ ফুট সন্নিকটে নির্মিত ডিভাইডার নিচু থাকায় বেশিরভাগ পথচারী ৬০-৬৫টি সিঁড়ি বেয়ে ২০ ফুট উচ্চতার ফুটওভার ব্রিজ ব্যবহার করতে চান না। ফুটওভার ব্রিজ সংলগ্ন নিচু ডিভাইডারগুলোকে উঁচু ডিভাইডারে পরিণত না করলে কিংবা নিচু ডিভাইডারের উপর কাঁটাতারের বেড়া না দিলে এ সমস্যা থেকেই যাবে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহার করার জন্য আমরা অনেক প্রচেষ্টা চালাচ্ছি। কিন্তু কিছুতেই কাজে আসছে না।

এ ব্যাপারে সড়ক ও জনপথ (সওজ) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার জানান, প্রথমত রাস্তা পারাপারে পথচারীদের সচেতন হতে হবে।

এ ছাড়া ফুটওভার ব্রিজ সংলগ্ন ফুটপাত ও ডিভাইডারে উঁচু দেয়াল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ কাজটি বাস্তবায়ন হলে পথচারীদের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার বন্ধ হয়ে যাবে।