শেকল ভাঙার ছন্দে

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৫

উপস্থাপনায় কবিতাকে

নির্মাণ আর অনিন্দ্য সুন্দর শিল্পের চর্চাকে মূলমন্ত্র করে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত সকল তরুণদের হূদয়ের কথা বলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবৃতি সংগঠন মাভৈঃ আবৃতি সংসদ। ‘শেকল ভাঙার ছন্দ মোরা, দেয়াল ভাঙার উচ্চারণ’ স্লোগানে প্রতিষ্ঠিত এ সংগঠন সম্পর্কে লিখেছেন- জি এম

ইমরান হোসেন

সা হিত্য অনুরাগী শিক্ষক, ছাত্র-ছাত্রী ও আবৃত্তি অনুরক্তদের প্রাণের সংগঠন মাভৈঃ আবৃত্তি সংসদ। দ্রোহ, প্রেম কিংবা প্রকৃতির সকল লালিত্যকে অন্তরে ধারণ করতে ১৯৯৮ সাল থেকে মাভৈঃ এর পথচলা। এ দীর্ঘ পথচলায় মুক্তচিন্তা ও সুস্থ সংস্কৃতির বিকাশে সংগঠনটির অর্জন কম। যার স্বীকৃতি স্বরূপ সংগঠনটি ২০০৭ সালের ২৮ মার্চ ‘বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ’-এর স্থায়ী সদস্যপদ লাভ করে।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী, জাতীয়   দিবস, পয়লা বৈশাখ ও বিশ্ববিদ্যালয় আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মাভৈঃ আবৃত্তি সংসদ তাদের আবৃত্তি পরিবেশনা করে থাকে। এর বাইরে কবি-সাহিত্যিকদের জন্ম ও মৃত্যু দিবসে ঘরোয়া     আয়োজন ও বর্ষপূর্তি এবং নবীনবরণ উপলক্ষ্যে থাকে নানা আয়োজন। এছাড়া প্রতি বৃহস্পতিবার সদস্যদের অংশগ্রহণে আয়োজিত হয় সাহিত্য আড্ডা।

সংগঠনটির বেশ কিছু মৌলিক প্রযোজনা রয়েছে যার মধ্যে শ্রুতিনাটক অনন্য। এর মধ্যে রয়েছে ‘বেহুলা-লখিন্দর’, কবি জসীম উদ্দীনের ‘নকশী কাঁথার মাঠ’ অবলম্বনে ‘নকশী কাঁথার মাঠ’, ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে ‘বরকতের চিঠি’, বিশ্ববিদ্যালয়ের পুনর্মিলনী উপলক্ষ্যে বিশেষ প্রযোজনা ‘সেই দিন’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ক্যামেলিয়া’ কবিতা অবলম্বনে ‘ক্যামেলিয়া’।

মাভৈঃ এর রয়েছে একক ও মৌলিক প্রযোজনাও। সেগুলো হচ্ছে কবির লড়াই, দাঁড়াও দুঃখ, কালের গহ্বর থেকে ওঠে আসা কণ্ঠস্বর।  এছাড়া সংগঠনের সদস্যদের সৃজনশীলতা প্রস্ফুটিত করার লক্ষ্যে ২০০৮ সালের ১৭ আগস্ট থেকে মাসিক সাহিত্যের ছোটো কাগজ ‘প্রজাপতি’ বের করে আসছে।

সংগঠনটির সভাপতি জুবায়ের মাহমুদ বলেন, কবিতাকে নিয়ে শুধু ‘নিরুদ্দেশ যাত্রা’র পক্ষপাতী আমরা নয় বরং কবিতা চর্চার মাধ্যমে ব্যক্তির অন্তর্লোকের উদঘাটন, বিশেষ অনুধাবন এবং সমাজে সচেতনতা ও স্বচ্ছদৃষ্টি তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য। তাছাড়া বর্তমান সময়ে অনেক তরুণ প্রাণকেই রক্ষণশীলতা ও মৌলবাদী চেতনা গ্রাস করে নিচ্ছে। এই অবাঞ্ছিত বাস্তবতা ও বিনষ্ট মূল্যবোধ থেকে বের হয়ে আসতে কবিতা চর্চা অনস্বীকার্য। এই কবিতা চর্চা নিয়েই কাজ করে শাবিপ্রবির ‘মাভৈঃ আবৃত্তি সংসদ’র আবৃত্তি কর্মীরা।

সাধারণ সম্পাদক নবনীতা কর্মকার বলেন, সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে এগিয়ে চলছে সংগঠনটি। শিক্ষার্থীর মধ্যে কবিতার মাধ্যমে মুক্তবুদ্ধি ও মুক্ত চেতনার বীজ বপন করতে চাই আমরা। আবৃত্তি, উপস্থাপনা, শ্রুতিনাটক সহ নানাবিধ প্রযোজনা ও সাংগঠনিক কার্যক্রমের মধ্য দিয়ে ক্যাম্পাস তথা দেশের সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখতে আমারা সর্বদা সচেষ্ট। ব্যক্তিত্ব গঠনের এই কাজের ধারা অতীতের মতো ভবিষ্যতেও অব্যাহত রাখবে মাভৈঃ আবৃত্তি সংসদ।