সাবিনা ইয়াসমিনের জন্মদিনে আফজাল হোসেনের উপস্থাপনা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৮

বিনোদন রিপোর্ট

 

সাবিনা ইয়াসমিন বাংলা গানের জগতে জীবন্ত এক কিংবদন্তী শিল্পীর নাম। কোকিলকণ্ঠি খ্যাত এ শিল্পীর জন্মদিন আজ। জনপ্রিয় এ শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চ্যানেল আই ‘তারকাকথন’-এর বিশেষ পর্ব প্রচার করবে। বিশেষ এ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নন্দিত অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। এছাড়া লালগালিচা সংবর্ধনা দেওয়া হবে তাকে। দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিতব্য তারকাকথন অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি তার সংগীতজীবনের গল্পগাঁথা তুলে ধরবেন দর্শক আর ভক্তদের কাছে। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন অনন্যা রুমা। সকাল সাড়ে ৭টায় ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিনের জনপ্রিয় গান পরিবেশন করবেন তারই সৃষ্টি ‘সেরাকণ্ঠ’ ঝিলিক। দুপুর ১টা ০৫ মিনিটে ‘এবং সিনেমার গান’-এ প্রচারিত হবে সাবিনা ইয়াসমিনের কালজয়ী কিছু গান নিয়ে বিশেষ পর্ব।

সাবিনা ইয়াসমিনের জন্ম ঢাকায়। সংগীতে বিশেষ অবদানের জন্য সাবিনা ইয়াসমিন ১৯৯৬ সালে স্বাধীনতা পদক এবং ১৯৮৪ সালে একুশে পদকে ভূষিত হয়েছেন। বাংলা সিনেমায় প্লেব্যাক গায়িকা হিসেবে সবচেয়ে বেশি পরিচিত তিনি। সেরা মহিলা প্লেব্যাক গায়িকার জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ১৩ বার পেয়ে তিনি রেকর্ড গড়েছেন। চলচ্চিত্রের জন্য ১৫শ’র বেশি গান রেকর্ড হয়েছে। যার বেশিরভাগই দর্শকপ্রিয়তা পেয়েছে।